Email: editors.kokshopoth@gmail.com
September 26, 2026
Kokshopoth

কবিতাগুচ্ছঃ শিশির আজম

Sep 18, 2026

কবিতাগুচ্ছঃ শিশির আজম

জন্ম ১৯৭৮, বাস- ঝিনাইদহ, বাংলাদেশ। কবিতায় বসবাস। নিজের পরিচয়ে বলেন, ‘ tea poetry movement-এর উস্কানি দাতা।‘

এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ তেরো। প্রবন্ধ গ্রন্থ একটি, কবির কুয়াশা।

১

মায়াকোভস্কিকে কামড়েছিল যে মাছি

শুনেছি মায়াকোভস্কিকে একটা মাছিতে কামড়েছিল। কিন্তু এতে সে মারা যায়নি। যারা কবিতা লেখে মাছির কামড়ে তাদের মৃত্যু হয় না। না কি মাছিটা কামড়েছিল ওর কবিতাকে। জানো তো, ওর কবিতা না আত্মজৈবনিক না পরাজাগতিক, বরং আত্মহত্যপ্রবণ। মাছিটা এসেছিল আফ্রিকা থেকে। আর মায়ের দিক থেকে ককেশীয়। মায়াকোভস্কির কবিতাও তো কিছুটা আফ্রিকান, কিছুটা ককেশীয়।

 

২

দেশে যখন জ্বালানি তেলের মারাত্মক সংকট, গ্যাস নেই,

বিদ্যুৎ নেই, খুন-ধর্ষণ নৈমিত্তিক

 

চলো একটা চুক্তি করি আমেরিকার সঙ্গে

আমরা অত্যাধুনিক বোয়িং উড়োজাহাজ কিনবো ৪০ টা

৪০ টা বোয়িং উড়োজাহাজ

আর্থীক মূল্যে এটা ১২ বিলিয়ন ডলারের মতো হবে

অংকটা অনেক বড়

এ-মুহূর্তে

আমাদের জন্য

কিন্তু আমেরিকা সভ্য একটা দেশ

আর গণতন্ত্রে ও ন্যায়বিচারে অঙ্গিকারবদ্ধ

তাই মহান মার্কিন প্রেসিডেন্ট বিরক্ত হন এমন কিছু করা

আমাদের উচিৎ হবে না

আমরা ওনাকে খুশি দেখতে চাই

আর সন্তুষ্ট

এটা আমাদের রাষ্ট্রের উন্নয়নে

আর গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সহায়ক হবে বলে

আমাদের বিশ্বাস

হ্যা উনি খুশি

আমাদের দায়িত্বশীল গণতান্ত্রিক সরকারও খুশি

 

৩

পেঁপে

 

হৃষ্টপুষ্ট পাকা একটা পেঁপেকে

ধারালো ছুরিতে

সাতপাঁচ না ভেবে মাঝবরাবর কেটে ফেললাম

কিন্তু ওটা পাকা ছিল না

আমি তো রীতিমতো বোকা বনে গেলাম

 

সত্যিকার অর্থে পেঁপে সম্পর্কে সুস্পষ্ট ধারণা যার আছে

একমাত্র তারই উচিৎ 

কোন পেঁপের সামনে গিয়ে দাঁড়ানো

পেঁপে

না ছুঁয়েও

অভিজ্ঞতা দিয়ে সে বলে দিতে পারে ওটা পাকা না কাঁচা

মিষ্টি না পানসে

 

হ্যা অতীত ট্র্যাজেডিকে অতিক্রম করে

তুমি যেতে পারো সবুজ আর টসটসে কোন পেঁপের কাছে

সবুজ আর টসটসে

আর কমনীয়

ওটা তো কাঁচাই

তুমি ভেবেছো

কিন্তু শংকা-সংশয় কাটিয়ে

যদি পারো

একবার ওটার ভিতর নিজেকে নিতে

হয় তো এমন কিছুর মুখোমুখি তুমি হবে

যা অবিশ্বাস্য

হ্যা এমনটা ঘটে কখনো কখনো

 

৪

বউ কি কোন সস্তা জিনিস

 

কোন কবির বউই চায় না

সে কবি হোক

বরং সে বড়লোক হোক

শে চায়

 

কবিতা লিখে কি ভাত পাওয়া যায়

সেই তো হাত পাততে হয় বন্ধুদের কাছে

না হলে বড়লোকদের দরজায় গিয়ে

দাঁড়াতে হয়

হ্যা দাঁড়াতে হয়

সেই বড়লোকদের দরজায় গিয়ে

যে-বড়লোকদের সে দেখতে পারে না

দু’চোক্ষে

 

সে খায় সস্তা মদ

সস্তা সিগারেট

 

কিন্তু বউ তো সস্তা না

 

৫

সকাল

 

শোন দাড়ি কামাতে কামাতে একজন ভালমানুষের সকাল শুরু হয়ে যায় না

কেন না যে লোকটা দাড়ি কামাচ্ছে তার হাতে শার্প একটা ব্লেড ধরা আছে

কী ধরা আছে

ব্লেড

কীরকম ব্লেড

শার্প

এখন তোমরা প্রশ্ন করতে পারো ভালমানুষ কে

আর দাড়ি কামানো বুঝি গুরুত্বপূর্ণ কাজ না

তারপর

ব্রেকফাস্ট টেবিলে বসা

তারপর

টিভিতে চটপট নিউজ হেডলাইনগুলো দেখে নেওয়া

তারপর

কাজে বেরিয়ে পড়া

হ্যা কাজ

কেন কাজই হেলাফেলার না

কোন সকালই অবজ্ঞা করবার মতো না

এমন কি দাড়িকামানো বিরক্তিকর কোন সকালও না

জেনে রেখো কর্মব্যাস্ত আর মহাগুরুত্বপূর্ণ একটা দিন থেকে

ওকে

ঐ সকালকে

কোনভাবেই তুমি পারবে না ছিঁড়ে ফেলতে

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *