Email: info@kokshopoth.com
July 3, 2026
Kokshopoth

কৌশিক সেন-এর কবিতাগুচ্ছ

Jul 3, 2026

কৌশিক সেন-এর কবিতাগুচ্ছ

প্রায় একুশ বছর দিল্লিপ্রবাসী, জন্ম ও বেড়ে ওঠা বহরমপুর শহরে। কর্মসূত্রে কেন্দ্রীয় সরকারী আধিকারিক হলেও ধর্মসূত্রে ও মর্মসূত্রে পরিচয় কবি, একান্তভাবেই।

 

উত্তর চল্লিশের কবি তাই কবিতাকেই জীবনদর্শন হিসেবে বিশ্বাস করেন। 

বেহেশ্ত                 

 

ঘুম ভাঙে ঝুমঝুমরোগে

গোরস্থানে অব্যয়

কালিরঙ লেপে দেওয়া

খানকিবলয়।

 

যদি বলি শাপ, মেনে নিও

মেনে নিও জাফরানিফুল

বাতাবিবনের পাশে একা গলে

মোমের পুতুল।

 

সরেজমিনের পর স্তূপ সাজে

ফাঁদ পাতে ছৌ

এ অকাল বরিষণমাঝে

চুপচুপে একা ছোটবউ।।

 

প্রহার

 

বেয়োনেট চাগিয়ে রেখেছি!

 

ময়ূরের ডানা থেকে স্বর

ঘাতকের তর্জমাটুকু

আষাঢ়ে চাহনি দেখা

অন্ধ শৃগালী।

 

এই সুখ ক্যানাইন নয়

দাঁতের মুদ্রা আঁকা

শামুক ঝিনুক,

কতটুকু কুড়িয়েছি বলো!

 

বেয়োনেট বাগিয়ে ধরেছি

মোরগের ঝুঁটি থেকে ফুল

বারোমাস ব্যথা সওয়া

বিরহের মল্লিকাবন…

 

সেটুকুই সামলে রেখেছি।

 

 

 

জলপট্টি

 

ভিজে গেছে অকারণ

জ্বরের কৃ’ধাতু জুড়ে

গঙ্গাস্নান যেন!

 

আমাদের ধাতুরোগ নাই

আমাদের সঙ্গতি নাই

সঙ্কেত জুড়ে শুধু ধূধূ মাঠ

গনগনে আঁচ,

কামনায় শিহরণ শিখি।

 

আচারে গ্রহণসুখ

উত্তাপে নেচে ওঠে বন্যময়ূর।

আমাদের উপভোগ নাই

আমাদের উপশম নাই

আমাদের উপাচার নাই, একটুও!

 

 

অনৃতকাব্য

 

যদি দেখো সাদাখাতা, জেনে রেখো

চাঁদরক্তে কবিতা লিখিনা আর

 

সমুখে বিলয়বাড়ি, পাঁচিলের আগাছাসকল

খুঁত ধরে বসে থাকা পদ্যপরব।

 

যদি দেখো ভরাযাম, জেনে রেখো

কবিতার সম্মতি নাই।

 

প্রহর গুনেছ মাগো, বাসনার রঙ

ছিন্নপত্রে লিখে রাখি ফিনকিতরল

 

যদি দেখো অমানিশা, জেনে রেখো

কবিতার লাশ ভাসে দহে।।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *