Email: editors.kokshopoth@gmail.com
November 18, 2026
Kokshopoth

পার্থজিৎ চন্দ-র কবিতা

Nov 16, 2026

পার্থজিৎ চন্দ-র কবিতা

পার্থজিৎ এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি, প্রাবন্ধিক এবং গল্পকার। হাওড়া শিল্পাঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা। শূন্য দশকের প্রথম দিকে তাঁর আত্মপ্রকাশ। বহু পত্রপত্রিকায় লিখে চলেছেন। তাঁর রচনায় মূলত নাগরিক নিঃসঙ্গতা ও ইতিহাসবোধের উজ্জ্বল উপস্থিতি। প্রথম কাব্যগ্রন্থ ‘ছদ্মনকশা ও প্রসাদের গান’। কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ মেষপালকের ডায়েরি, ক্যাসিনোয় লেখা কবিতা, মেফিস্টোফিলিস ও নরসুন্দর।

#১

হাওয়ার-পাখি

 

‘হাওয়ার পাখি, গাছের প্রতিটি পাতায় ছড়ানো রসের স্রোত তিরতির করে কেঁপে উঠছে তার শিরার রক্তে। দিন শেষে প্রশ্ন জাগে কোথা থেকে আসে এই স্রোত, কোথায় হারায়! অন্ধ মাঝির গানে কূলে ফেরে জীঁর্ণ নৌকো; যত দীর্ঘ যাত্রাপথ ততই সামান্য পুঁজি। আগুনের ভেতর যখন এসে পড়ে আগুনের ছায়া, তখন সমস্ত তাল ও মাত্রা অতীত; শুধুই তাণ্ডব-প্রহর’

‘কিন্তু, তুমি নারী? না, পুরুষ?’

‘আমি নারীর শরীরে প্রবেশমাত্র পুরুষ, পুরুষ শরীরে নারী’

‘হেমন্তের দিন এল, পাতা ঝরে। ঝরাপাতাটির যাত্রাপথ কতটুকু! অথচ তার হলুদের কাছে এটিই অনন্ত। সমস্ত জীবন তার এই অনন্তটুকুর জন্য সমর্পণ। আমি যাই, পাখির শিরার ভেতর স্রোত, আর একটি ভ্রূণের স্পন্দন শুনি’

 

#২

পথ

 

‘তোমার মূকজন্মের এই শেষ। কত সংগম হল, কত শিঙে শিঙে ঘষাঘষি হল; কিছু ঘাস খেলে, আর ছটফট করলে প্রবল ক্ষুধায়। চোখ মেলে চাও, দেখো দিগন্তের দিকে ঘাসের বিস্তার’

‘অনার্য মূকের জন্মে এই সারাৎসার’

‘আমার হাঁ-মুখে চাও। আবিষ্কার করো বিশ্বরূপ, শেষবার খোঁজো সমস্ত গতির মধ্যে নিহিত ছন্দ’

‘অভিশাপে, সন্তাপে দিন কেটে গেল, তবু এই মূকজন্মের ভাষা তুমি শ্রবণ করেছ, একদিন। শুধু এই পুণ্যের ফলে তোমার যাত্রাপথ অনন্ত, অক্ষয় হোক’

 

#৩

এই অন্ধকারে

‘এই অন্ধকারে আমি তোমাকে স্পর্শ করতে চাই’

‘তুমি জলের ভেতর জলের-শরীর। মাছের ঘুমের মতো আজ শান্ত চরাচর’

‘অথবা, নভোশ্চর, যার মহাকাশযান পথ হারিয়ে ফেলেছে। পথ ও দিশার মধ্যে কৃষ্ণবলয়; এমন এক কাহিনির ভেতর প্রবেশ করতে চাই, যেন আমার হাতেই পাথর-রথের সেই নবীন অশ্ব, স্থিতিস্থাপক পথ আর পরিণতিময় আলোর রজ্জু থাকে’

‘মৃত-নাবিকের অন্ধ-সাবমেরিন কোথাও যাবে না। এসো, আমাকে স্পর্শ করো, জলের ভেতর ছোঁও জলের শরীর’

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *