Email: editors.kokshopoth@gmail.com
November 18, 2026
Kokshopoth

সুতপা চক্রবর্তী-র উপন্যাসঃ চাঁপঘাটের উপাখ্যান

Nov 16, 2026

সুতপা চক্রবর্তী-র উপন্যাসঃ চাঁপঘাটের উপাখ্যান

জন্ম ১৯৯১। অসম। শিক্ষা অসম বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে পিএইচডি।

২০২৪-এর সাহিত্য আকাদমির যুব পুরস্কারে সম্মানিত। অসম থেকে বাংলা সাহিত্যে তিনিই এই সম্মান প্রাপক।  সমসাময়িক বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি ও গদ্যকার। মুলতঃ চাঁপঘাটের উপাখ্যান তাঁর প্রথম উপন্যাস, যদিও ‘শূন্যে দিলাম উড়া’ আগে প্রকাশিত হয়েছে।

কলেজে পঠনপাঠনের সময় থেকেই কবিতা লিখছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: দেরাজে  হলুদ ফুল, গতজন্ম, ভ্রমরযান এবং মায়াবিদ্যা। মায়াবিদ্যা কবির একশোটি সনেট-এর সংকলন।

প্রথম ও দ্বিতীয় কিস্তি। মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে দুটি ক’রে কিস্তি প্রকাশিত হবে

উপন্যাস নিয়ে কিছু কথা

ধানের প্রতি তাহার একপ্রকার মোহ জন্মাইয়াছে। একেবারে বীজধান হইতে চারাধান, চারাধান হইতে জমিতে ধান লাগানো, ধানগাছ বড় হইয়া ওঠা, গাছে ধান আসা, ধান পাকা এসমস্তই সে খুঁটিয়া খুঁটিয়া দেখিতে থাকে। ধান জমির মাঝখানে সে একখানা বাঁশ  খেরনেড়া (খড়) সহযোগে টংঘর বানাইয়াছে। উহাতে বসিয়া বসিয়া সে সারাদিন জমির তদারকি করিতে থাকে। ধানজমি ছাড়াইয়া দূর দূরান্তে থাকা সবুজ ঘন বন তারিকাকে অদৃশ্য সুতার মতো টানিতে থাকে—- টানিতেই থাকে। সে কখনো ভাবে একদিন হয়তো এই ধানজমি পার হইয়া ওই সবুজ বনে একা একা সে ঘুরিয়া বেড়াইবে।বনের ফল পাঁকুড় পাড়িয়া খাইবে। মানুষের মাঝে থাকিতে তাহার কেমন জানি একটা অদ্ভুত কষ্ট হয়। মানুষ ছাড়া আর আর সবকিছুই তাহাকে টানিয়া লইয়া যায়। সুরমা নদীর জল – ঘন সবুজ বন—এই চাঁপঘাটের বাটীতে থাকা অসংখ্য বৃক্ষরাজি — ইষ্টিকুটুম পাখী —সাদা সাদা বক — সুরমা নদীর হু মাছ সবাই কেমন জানি তাহাকে টানিয়া লইতে চায়।

প্রথম কিস্তি

কথা নাই বার্তা নাই আচমকাই দ্বিজেন্দ্রনাথ ওরফে দ্বিজা’র বিবাহ হইয়া গেল! দ্বিজেন্দ্রনাথের বাবা দ্বারিকাচরণ স্বপ্নেও ভাবিতে পারেন নাই ব্রহ্মদেশের জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া বেড়ানো তাহার বাউণ্ডুলে পুত্র এতসহজেই সংসারজীবনে আবদ্ধ হইয়া পড়িবে।যে কার্য স্বপ্নে আসিয়াও কখনো সম্পূর্ণ হয় না সেটা বাস্তবে ঘটিয়া গেলে লোকে কিছুকালের জন্য হতভম্ব হইয়া পড়ে। দ্বারিকারও তাহাই হইলো। পুত্র দ্বিজার বিবাহের পরবর্তী কিছুদিন তিনি কেমন যেন এতোলবেতোল হইয়া রহিলেন।

দ্বারিকাচরণেরা যে বাটীতে বসবাস করিতেন সেটি পূর্বে কোনও এক কুমারের বসতবাটী ছিল। সারা বাড়ির স্থানে স্থানে পোড়া মাটির চাড় প্রায়সময়ই মাটির উপরে চলিয়া আসিতো। দ্বারিকার বাবা পঞ্চতীর্থ দুর্গেশচরণ বহুকাল আগেই ময়মনসিংহ হইতে পাততাড়ি গুটাইয়া এই চাঁপঘাটে আসিয়া দশটাকা দিয়া বাটীটি ক্রয় করিয়াছিলেন। ওহ্, বলা হয় নাই, দ্বারিকাচরণদের আদিবাড়ি ময়মনসিংহ জেলায়। দুর্গেশচরণ রীতিমতো টোল পাশ সংস্কৃতের পন্ডিত। চাঁপঘাটে আসিয়াই প্রথমে তিনি টোল খুলিয়া বসিলেন। তাহার কতগুলা এড়েবেড়ে ছাত্রও জুটিয়া গেলো। বাঁশের বেড়া দেওয়া টোলঘরের ভিতর মেঝেতে শীতল পাটী বিছাইয়া ছাত্রেরা তাহাতে আসন গ্রহণ করিত। দুর্গাঠাকুর (লোকেরা এই নামেই তাহাকে সম্বোধন করিত) একটি হাতভাঙা কাঠের কুর্সিতে বসিয়া ছাত্রদিগকে পাঠদান করিতেন। 

দুর্গাঠাকুরের চেহারাটি বড় সরেস ছিল। ভোরবেলা উঠিয়া তিনি বাড়িময় দৌড়াইয়া শরীরচর্চা করিতেন। স্বাস্থ্য নিয়া তিনি সদাসর্বদা সতর্ক থাকিতেন। প্রায়ই বলিতেন, মানুষের বাঁচিবার জন্য শুধুমাত্র দুইটা জিনিসের প্রয়োজন, স্বাস্থ্য আর অর্থ। এদের মধ্যে প্রথমটি তিনি নিজগুণে অধিকার করিয়া লইয়াছিলেন বটে কিন্তু দ্বিতীয়টিতে ভাগ্যদেবতা তাহার উপর কিঞ্চিৎ অপ্রসন্ন ছিলেন।অপ্রসন্নে আমাদের কাজ নাই। আমরা প্রসন্নের কথাই বলার চেষ্টা করিবো। দুর্গাঠাকুর শরীরচর্চা করিবার পর পুকুরের শীতল জলে স্নান সারিয়া ভেজা কাপড়ে সূর্যপ্রণাম সারিয়া সোজা গিয়া ঠাকুরঘরে ঢুকিতেন। সেখানকার পালা সাঙ্গ করিয়া শুকনো কাচা ধুতি পরিয়া বড় কাঁসার জামবাটীতে একবাটি গরুর দুধ-কলা-সাবু, কোনোদিন আট দশখানা রুটি সহযোগে সকালের জলখাবার করিতেন। খাওয়ার ব্যাপারে পঞ্চতীর্থদের নামডাক বরাবরই একটু ছিল। কথিত আছে, দুর্গাঠাকুরের ময়মনসিংহের বাড়ির জ্ঞাতি ভাই, ভাই এর জোয়ান ছেলেরা পর্যন্ত এক একজন আস্ত খাসী একাই সাবাড় করিয়া দিতে পারিতেন। দুর্গার নিজেরও অবশ্য এই গুণটি ছিল। একটা আস্ত পাঁঠা তাহার নিকট কিছুই ছিল না। খাইতে বসিয়া কেবলমাত্র ডালই তিনি আঠারো হাতা খাইতেন। ডালও তো আর একপদের  হইতো না । পালায় পার্বণে চার পাঁচরকমের শুধু ডালই রান্না হইতো বাড়িতে। খেসারীর ডাল, চেঙ মাছ দিয়ে কলাইয়ের ডাল, চানার ডাল, বুটের ডাল। দুর্গাঠাকুর মানুষ খাওয়াইতে বেজায় ভালোবাসিতেন।

চাঁপঘাটের বাটীটি দুর্গাঠাকুরের বেশকয়টি কারণেই বিশেষ পছন্দ হইয়াছিল। তাহার মধ্যে একটি কারণ বাটীটির অনতিদূরেই সুরমা নদী তাহার বিপুল জলরাশি লইয়া প্রবাহিত হইয়া যায়। দুর্গাঠাকুর মাঝেমধ্যেই তাহার পাড়ে গিয়া বসিয়া ফেনিল জলরাশি দেখিতেন। আর দেখিতেন সুরমা নদীর হু মাছ। বিশাল বড় কুমীরের মতো কিছুটা দেখিতে মাছটি হঠাৎ হঠাৎ ই সুরমার বুকে লাফ দিয়া শূন্যে উঠিয়া আবার আছড়াইয়া জলে পড়িয়া যাইতো। সে এক দৃশ্য বটে! শুধু দুর্গা নন। এই দৃশ্য দেখিতে চাঁপঘাটের অনেক লোকই বিকালের দিকে নদীর পাড়ে জমা হইতেন।তাহাদের মধ্যে একজন ছিলেন  দুর্গাঠাকুরের প্রতিবেশী খইরকা ভটচায। খইরকা ভটচায এর প্রকৃত নাম খগেন্দ্র ভটচার্য। তাহার দেহটি খইরকার (সরু পাতলা বাঁশের কাঠি) ন্যায় হওয়াতে চাঁপঘাটের ছেলে হইতে বুড়ো সবাই তাহাকে খইরকা ভটচায বলিয়াই ডাকে। প্রকাশ্যেই ডাকাডাকি করে সবাই। খইরকা ভটচায নিজেও খগেন্দ্রর চাইতে নিজের নাম খইরকা বলিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। চাপঘাটের অনেকেরই এরকম নাম আছে। এবং এরা তাহাদের প্রকৃত নাম হইতে এইসব নামকেই বেশি আপন করিয়া লইয়াছেন। যেমন, বিশাই দাসের নাম চড়া ( চড়ুই) 

কুটুচন্দ্রের নাম কাতিয়া (ভোঁদড়), হরেন্দ্রর নাম পছা (পচা), বালক শশাঙ্কের নাম কুড়কুড়ি। চড়া’র বাড়ি, কাতিয়ার বাড়ি বলিলেই সকলে একবাক্যে কার বাটীর কথা বলিতেছেন, চিনিয়া লইতো। পুরুষদের পাশাপাশি স্ত্রীলোকদিগেরও এইরূপ নাম হইয়াছিল। তাহাদের কী কী নাম থাকিতো সে বিষয়ে আমরা পরে আসিবো। দুর্গাঠাকুরের চাঁপঘাটের বাটীটি পছন্দ হইবার দ্বিতীয় একটি কারণ ছিল চাঁপঘাটের শান্ত নিঝুম প্রকৃতি। ময়মনসিংহের বাটীর মতো এইখানে তেমন কোলাহল নাই। বাড়িগুলিও দূরে দূরে ছড়াইয়া ছিটাইয়া। তাছাড়া এই বাটীর চারপাশে অজস্র গাছের সমাহার। দুর্গাঠাকুর গাছকে সবসময় বৃক্ষ বলিতেন। এবং কোনো বৃক্ষের সম্বন্ধে কারো সাথে আলোচনা করিতে হইলে এমনভাবে কথা কহিতেন যেন বৃক্ষ একজন মানুষ। বৃক্ষকে এমন আপনি আজ্ঞা করিয়া সম্মান করিয়া যে কেহ কথা বলিতে পারে ইহা দুর্গাঠাকুরের প্রতিবেশীদের অনেকেরই বোধগম্য হইতো না।  চাঁপঘাটের বাটীটিতে প্রকৃতির তৈরী আর কিছুটা এই ভিটার পূর্ববাসিন্দা স্বর্ণের অর্থাৎ স্বর্ণ কুম্ভকারের লাগানো বৃক্ষরাজি দুর্গাঠাকুরকে কেমন একটা আবেশে যেন দিনরাত জড়াইয়া রাখিতো।

দ্বারিকানাথ দুর্গাঠাকুরের বড় ছেলে। ছোটছেলে তারিকানাথ ময়মনসিংহের বাটীতে দুর্গাঠাকুরের ছোটভাই কালীঠাকুরের কাছে রহিয়া গিয়াছে। কালীঠাকুর নিঃসন্তান হওয়াতে তারিকার উপর কালীর ভর বরাবরই একটু বেশি ছিল। দুর্গা তাহাতে কিছু মনে করেন নাই। দুটি পুত্রের মধ্যে একটি যদি ভাই কালীর কাছে থাকিয়া যায় তাহাতে কিছুই আসিয়া যায় না। একটি পুত্র তাহাকে দেখিবে অপরটি ভাই কালীকে দেখিবে। ব্যস, গোল মিটিয়া গেল।

দ্বারিকানাথ টোল শিক্ষা পাশ দিয়া বাপের পথই অনুসরণ করিলেন বটে তবে ময়মনসিংহ চলিয়া গিয়া এক বৃটিশ সাহেবের কাছ হইতে বেশ ক’বছর ঘড়ি তৈয়ার করিবার তালিমও লইয়া আসিলেন। এই ব্যবসায় লাভের অঙ্ক একটু বেশি হইবারই সম্ভাবনা তখন প্রবল হইয়া উঠিয়াছিল। এতদিন যে বাংলার মানুষজন সূর্যের তেজপ্রভার তাপ মাপিয়া কাল গণনা করিতো বৃটিশরা এদেশে আসিয়া তাহাদের ঘড়ি দেখাইয়া সেই কালগণনাকে ততদিনে প্রায় মিথ্যা প্রমাণ করিয়া ছাড়িয়াছে। সকলেই এখন বাটীতে একখানা করিয়া ঘড়ি রাখিতে চাহেন। দ্বারিকানাথ যেন সেই সুযোগেরই সদ্ব্যবহার করিতে মরীয়া হইয়া উঠিলেন।

চাঁপঘাটের গঞ্জে  দ্বারিকার একদোকান ঘড়ির পসার অচিরেই বসিয়া গেল। দুর্গাঠাকুর মনেমনে কিছুটা ক্ষুণ্ণ হইলেন বটে তবে যুগের হাওয়ায় পাল লাগিয়াছে ভাবিয়া দ্বারিকার এই ব্যবহার মানিয়াও লইলেন। চাঁপঘাটের লোকেরা কিছুই মনে করিলো না। ইহারা প্রত্যেকেই সুরমা নদীর জলের ন্যায়। আপন আপন বেগে সকলেই যেন চলিতেছে। কেউ কারো ভেতর বাটীর হাঁড়ির খবর লইতে বিশেষ উদগ্রীব হয় না। চাঁপঘাটের বাটীটি দুর্গাঠাকুরের পছন্দ হওয়ার এ একটা অন্যতম কারণও বটে!

এরইমধ্যে একটি কাণ্ড ঘটিয়া গেল! ঘরের বাঁশের খুঁটির মধ্যে জমাইয়া রাখা মুদ্রা হইতে কিছু মুদ্রা বাহির করিয়া দুর্গা খইরকা ভটের সহিত শলা করিয়া বেশকিছু ধানজমি ক্রয় করিয়া লইলেন। এবং ময়মনসিংহ হইতে সপরিবারে ভাই কালীকে চাঁপঘাটে আনাইয়া বসতি করাইয়া দিলেন। কালীঠাকুর ও ছোটপুত্র তারিকানাথ সেই সমস্ত জমিজমার তদারকি করিতে লাগিলেন। শাইল আমন ধানের চাষ হইতে লাগিলো। বিরোইন ধানও বিঘাচারেকে পোঁতা হইল। বাটীতে একখানি উগার তৈয়ার করা হইলো।এবং অগ্রহায়ণ মাসের প্রাক্কালে বাটীর উঠান গোবর দিয়ে নিকাইয়া শুরু হইলো মাড়া দেওয়া।

দ্বারিকার এসবে বিন্দুমাত্র উৎসাহ দেখা গেল না। সে মুখ গোঁজ করিয়া দিন নাই রাত নাই রোমান হরফ কাঠের তক্তার উপর আঁকিয়া আঁকিয়া হরেকরকমের ঘড়ি তৈয়ার করিতে লাগিলো। তা ছাড়া বাটী হইতে গঞ্জ অনেক দূরে। হাঁটিয়া যাইতে যাইতেই ভোর হইতে বেলা অনেকটা বাড়িয়া উঠিতো। ফিরিবার সময় প্রায়শই সুরমা নদীর টাটকা বাউশ কিংবা বোয়াল হাতে ঝুলাইয়া ঝুলাইয়া বাটীতে প্রবেশ করিত। বলাই বাহুল্য দুর্গাঠাকুর ইহাতে প্রীত -ই  হইতেন। কারণ তাহার ভোজনরসিকতার কথা আমরা ইতিপূর্বেই কিঞ্চিৎ অনুমান করিতে পারিয়াছি। 

কালীঠাকুর ময়মনসিংহ হইতে দাদার আদেশে চাঁপঘাটে আসিয়া পড়িলেন সত্য, তবে তিনি ময়মনসিংহ -এর মায়াও কাটাইয়া উঠিতে পারিলেন না। তাই মাঝেমধ্যেই বোঁচকা লইয়া নৌকা দিয়া সুরমা নদী পার হইয়া পিতৃভিটায় চলিয়া যাইতেন। দুর্গাঠাকুরের মতো কালীঠাকুরও টোল পাশ করিয়া পঞ্চতীর্থ উপাধি প্রাপ্ত হইয়াছিলেন কিন্তু তাহার অধিক আগ্রহ ছিল তান্ত্রিকতার উপরে। ময়মনসিংহ -এ তাহার একজন গুরু ছিলেন। তন্ত্রাচার্য শ্রীভৈরব। কালীঠাকুর তাহার নিকটেই একদা তন্ত্রসাধনার পাঠ লইয়াছিলেন। ময়মনসিংহ -এ মাঝেমধ্যেই চলিয়া যাওয়ার এই একটি কারণও অবশ্য ছিল। কালীঠাকুর শবের উপরে বসিয়া সাধনা করিতেন। আমাদের চারবেদের চতুর্থটি (অথর্ববেদ) তাঁহার নখাগ্রে ছিল। তন্ত্র মন্ত্রের সমস্ত ক্রিয়াদি তাঁহার অপেক্ষা ভালো কেহই বলিতে পারিতো না। ময়মনসিংহ যাওয়া আসার বিস্তর ঝুটঝামেলা পোহাইতে হয় দেখিয়া কালীঠাকুর দাদার আজ্ঞা লইয়া চাঁপঘাটের বাড়িতেই তাহার পূজা-আচ্চা চালাইবার তোড়জোড় শুরু করিয়া দিলেন। প্রতি অমাবস্যায় চাঁপঘাটের সুরমা নদীর পাড়ের শ্মশানে বসিয়া কালীঠাকুর সাধনা করিতে আরম্ভ করিলেন। ধীরে ধীরে তাহার পোশাকেও পরিবর্তন আসিয়া গেল। ধুতি ছাড়িয়া তিনি শাড়ি পড়িতে লাগিলেন। চুল আগে হইতই বড় ছিল এবারে সেগুলি দিয়ে খোঁপা করিতে শুরু করিলেন। নাকে সোনার নথ, কপালে লাল সিঁদুরের টিপ, দু’হাতে শাখা পলা পরিতেন। চোখে সুরমা লাগাইতে লাগিলেন এবং পায়ে আলতা ও একজোড়া রূপোর মল পড়িয়া স্বয়ং মা কালী সাজিয়া অষ্টপ্রহর থাকিতে লাগিলেন।তাহার অনেকগুলি শিষ্যও জুটিয়া গেলো। চাঁপঘাটের মানুষও দুর্গাঠাকুরের ন্যায় কালীঠাকুরকেও সশ্রদ্ধ চিত্তে নিজেদের মনে ঠাঁই দেওয়া শুরু করিয়া দিলো। এবং দুর্গাঠাকুরের চাঁপঘাটের বাড়িতে  গীতাপাঠ, সংস্কৃত টোল ও ছিন্নমস্তার সম্মুখে তন্ত্রসাধনা ও দীক্ষাদান একইসাথে চলিতে লাগিলো।

প্রথম কিস্তি সমাপ্ত। 

★

দ্বিতীয় কিস্তি

দ্বারিকার কথা আমরা ইতিপূর্বেই জানিয়াছি। এও জানিয়াছি যে তাহার একমাত্র সহোদর ভ্রাতা তারিকানাথ খুড়া কালীঠাকুরের সাথে চাঁপঘাটে আসিয়া ধানজমি চাষাবাস তদারকি করিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে। ইহা সত্য। তারিকানাথ ধানজমির তদারকি করিতে করিতে কেমন জানি ধানজমির মতোই দিনদিন হইয়া উঠিতে লাগিলো। তাহার মন যে কখন কোথায় চলিয়া যাইতো সে নিজেও তাহার খবর রাখিতে পারিতো না। একদিন সকাল সকাল খুড়া কালীঠাকুরের কাছে তারিকানাথ একটি লোককে সঙ্গে  লইয়া উপস্থিত হইলো। দুর্গাঠাকুর সেইসময় তাহার টোলে ছাত্রদিগকে শব্দরূপ ও ধাতুরূপ পড়াইতে ছিলেন। ‘নরঃ নরৌ নরাঃ’ যতবার বলিতেছিলেন ততবারই একটি কাঁঠালপাকা খুদে বালক শীতল পাটীর উপরে সদ্য প্রসবিত ছাগশিশুর ন্যায় লাফাইয়া লাফাইয়া বলিতে লাগিলো 

নরঃ নরৌ নরাঃ

পাটীর উপরে দাঁড়া।

নরঃ নরৌ নরাঃ

পাটীর উপরে দাঁড়া।

দুর্গাঠাকুর ইহাকে কোনোভাবেই বশে আনিতে পারিতেছিলেন না। তিনি যতবার চোখ রাঙাইতে ছিলেন বালকটি ততোবারই উক্ত ছড়াটি চেঁচাইয়া আবৃত্তি করিতে করিতে গোল গোল হইয়া ঘুরিতেছিল। এই গোলযোগের ভিতরে তারিকা লোকটিকে লইয়া বাটীতে প্রবেশ করিলো।  

কালীঠাকুর তাহার আরাধ্যা মায়ের ঘরে বসিয়া ঠাকুরঘরের বাসি কাজটুকু করিতেছিলেন। লোকটি ঠাকুরঘরের মাটিতে গড় হইয়া প্রণাম করিয়া কালীঠাকুরের আলতারাঙা পায়ে একেবারে আছড়াইয়া পড়িল। লোকটির নাম এম ডেম। তাহার পিতৃপ্রদত্ত নাম কী ছিল এখন আর সে মনে করিতে পারে না। চাঁপঘাটের লোকে তাহাকে এই নামেই শৈশব হইতে ডাকিয়া আসিতেছে। সে নিজেও তাহাকে এম ডেম বলিয়াই সকলের কাছে পরিচয় দেয়। এম ডেম -এর সংসারে কেহই আর জীবিত নাই। এম ডেম এর একান্ত ইচ্ছা সে কালীঠাকুরের সাগরেদ হইয়া বাকী জীবন কালীর নামেই উৎসর্গ করিয়া দিতে চায়। তাই সে অনেকদিন হইতেই তারিকাকে পাকড়াও করিয়াছে যাহাতে তারিকা তাহার খুড়ার নিকটে তাহার মনের কথাটি পাড়িয়া দেয়। তারিকা আজ এম ডেমকে লইয়া সকাল সকাল খুড়ার নিকটে উপস্থিত হইয়াছে। কালীঠাকুর সব শুনিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। শেষমেশ সিদ্ধান্ত এই হইলো এম ডেম আজ হইতে দুর্গাঠাকুরের চাঁপঘাটের বাড়িতেই থাকিবে। কালীঠাকুরের কাজের সাথে সাথে ধানজমিতেও কাজকর্ম করিয়া দিবে। একটি বাড়তি লোক বাটীতে থাকা ইদানীং আবশ্যকও হইয়া পড়িয়াছিল। দুর্গাঠাকুর টোলে তাহার হাতভাঙা কুর্সিতে বসিয়া চোখ বন্ধ করিয়া নীরবে ঠিক এই কথা ভাবিয়াই মনেমনে শান্তি পাইতেছিলেন।

তারিকা ধানজমির তদারকি করিতে মাঠে ফিরিয়া গেল। ধানের প্রতি তাহার একপ্রকার মোহ জন্মাইয়াছে। একেবারে বীজধান হইতে চারাধান, চারাধান হইতে জমিতে ধান লাগানো, ধানগাছ বড় হইয়া ওঠা, গাছে ধান আসা, ধান পাকা এসমস্তই সে খুঁটিয়া খুঁটিয়া দেখিতে থাকে। ধান জমির মাঝখানে সে একখানা বাঁশ  খেরনেড়া (খড়) সহযোগে টংঘর বানাইয়াছে। উহাতে বসিয়া বসিয়া সে সারাদিন জমির তদারকি করিতে থাকে। ধানজমি ছাড়াইয়া দূর দূরান্তে থাকা সবুজ ঘন বন তারিকাকে অদৃশ্য সুতার মতো টানিতে থাকে—- টানিতেই থাকে। সে কখনো ভাবে একদিন হয়তো এই ধানজমি পার হইয়া ওই সবুজ বনে একা একা সে ঘুরিয়া বেড়াইবে।বনের ফল পাঁকুড় পাড়িয়া খাইবে। মানুষের মাঝে থাকিতে তাহার কেমন জানি একটা অদ্ভুত কষ্ট হয়। মানুষ ছাড়া আর আর সবকিছুই তাহাকে টানিয়া লইয়া যায়। সুরমা নদীর জল – ঘন সবুজ বন—এই চাঁপঘাটের বাটীতে থাকা অসংখ্য বৃক্ষরাজি — ইষ্টিকুটুম পাখী —সাদা সাদা বক — সুরমা নদীর হু মাছ সবাই কেমন জানি তাহাকে টানিয়া লইতে চায়। তারিকার এক একদিন কেমন জানি অলস অলস বোধহয়। বোধহয়, সংসারে প্রতিটি মানুষেরই কিছু না কিছু করিবার আছে৷ তাহারই কেবলমাত্র কিছুই করিবার নাই। তাই সে চাঁপঘাটের আশপাশ অঞ্চলে —কাছে দূরে বনে–জঙ্গলে অবসর সময়ে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া থাকে। তাহাতে কত যে বিচিত্র সব মানুষের সহিত তাহার দেখা হইয়া যায়! কত বিচিত্র সব জীবনের সহিত তাহার পরিচয় গড়িয়া উঠে তাহার ইয়ত্তা নাই। এমনই ঘুরিতে ঘুরিতে একদিন তাহার পরিমলের সহিত পরিচয় ঘটিয়া গিয়াছিল। পরিমল উন্মাদরোগী। তাহার বাপ মায়ের পরিচয় কেহই জানে না। আচমকাই একদিন সে চাঁপঘাটে আসিয়া উপস্থিত হইয়াছিল। কোথা হইতে আসিয়াছিল তাহাও কেহই বলিতে পারে না। সে চাঁপঘাটের প্রবেশমুখের বড় দুটি বটবৃক্ষের তলায় সারাদিন গড়াগড়ি করিয়া দিন কাটাইয়া দেয়। রাতে বটের লাগোয়া দিলু মুদির ছাপরা দোকানের বারান্দায় ঘুমাইয়া থাকে। পরিমল মাঝেমধ্যেই নিজেকে চাঁপঘাটের দ্বারপাল বলিয়া চিল্লাইয়া চিল্লাইয়া ঘোষণা দিয়া থাকে। দুর্গাঠাকুরের বাটী হইতে মধ্যরাতে সেই চিৎকারের ক্ষীণ আওয়াজ কখনো কখনো বা শোনা যায়। তারিকার সহিত পরিমলের ভাব হইয়াছে। ইহা একটি ঘটনা! কারণ পরিমল কখনো কোনো মানুষের সহিত কথা বলিয়া থাকে না। সারাক্ষণ সে বৃক্ষদের সাথে নানান গল্প করিয়া থাকে। মানুষে কিছু জিজ্ঞাসিলে সে মৌন হইয়া পড়ে। চাঁপঘাটের প্রবেশপথের দুই বটবৃক্ষ যেন পরিমলের  বাপ মা। তাহাদের সাথেই তাহার যাবতীয় কথা, হাসি-কান্না সুখ-দুঃখ। এক একদিন চাঁপঘাটের মানুষ হাট হইতে গঞ্জ হইতে ফিরিবার পথে পরিমলকে দেখিয়া থাকে সে একটি বটবৃক্ষকে জড়াইয়া ধরিয়া  কাঁদিতেছে। কখনো হাসিতেছে। কখনো তাহারা দেখিয়াছে পরিমল বটবৃক্ষ দুটিকে প্রদক্ষিণ করিয়া করিয়া দুইহাতে তালি বাজাইয়া বালকের মতো খেলিতেছে। তারিকা চাঁপঘাটের প্রথম ব্যক্তি যাহার সহিত পরিমল ভাব করিয়াছে। তারিকার কখনোই পরিমলকে উন্মাদরোগী বলিয়া বোধ হয় না। তাহার ধারণা পরিমলদের মতো মানুষদের আলাদা একখানা জগত রহিয়াছে। যে জগতে আমরা সাধারণ মানুষেরা থাকিতে পারি না। অথবা আমরা তাহাদের জগত বুঝিয়া উঠিতে পারি না। আর পারিনা বলিয়াই ইহাদের পাগল বলিয়া আখ্যা দিয়া থাকি। তারিকা পরিমলের এই জগত লইয়া দিনের পর দিন নানাবিধ কল্পনা করিতে থাকে। মাঝেমাঝে পরিমলেরই সহিত ইহা লইয়া আলোচনা করিতে সচেষ্ট হইয়া ওঠে। কিন্তু অপর পক্ষ হইতে এবিষয়ে খুব একটা সন্তোষজনক কিছু উত্তরও তাহার মেলে না। পরিমল তারিকার কথা শুনিয়া কখনও খুব গম্ভীর হইয়া উঠে কখনওবা সজোরে মাথা নাড়িয়া হাততালি দিয়া উঠে। তারিকা আরো বেশি খুঁটাইয়া খুঁটাইয়া পরিমলের আচরণ লক্ষ্য করিয়া যায়।

দুর্গাঠাকুরের টোল বসিয়াছে। ছাত্রেরা সকলেই নবীন। দু তিনটে অতি নবীন শিশু আসিয়াও জুটিয়াছে। নবীনেরা গুরুমশাইকে সিংহের ন্যায় ভয় করিলেও অতি নবীনেরা তাঁহাকে ভয় তো করেই না উপরন্তু বিদ্যাভ্যাস কালে বিচিত্র সব উপদ্রব শুরু করিয়া দেয়। 

দুর্গাঠাকুর ইহাদের লইয়াই মহাফাঁপড়ে পড়িয়াছেন। এই গেঁড়ি গেঁড়ি বালকদের লইয়া প্রতিদিনই তাহার প্রাণ ওষ্ঠাগত হইয়া ওঠে। ইহারা মোটে তিনটি কিন্তু অবশিষ্ট তিরিশটিরও দশকাঠি উপরে যায়। ইহাদের শান্ত করিয়া বিদ্যাচর্চা করা ইদানীং দুষ্কর হইয়া উঠিয়াছে।এদিকে বেলা বাড়িতেছে । দুর্গাঠাকুর ছাত্রদিগকে আজ রামায়ণ মহাভারত সম্যক বুঝাইতে লাগিলেন

রামচন্দ্রঃ মর্যাদাপুরুষোত্তমরূপেণ খ্যাতঃ। সঃ দশরথস্য পুত্রঃ আসীৎ।তস্য পত্নী সীতা জনকরাজ্ঞঃ কন্যা আসীৎ। বাল্মীকিঃ রামায়ণং লিখিতবান্।

বেদব্যাসঃ মহাভারতং লিখিতবান্।

একটি ছাত্র বলিয়া উঠিল———— অহং রামায়ণম্ অপঠম্।

দুর্গা বুঝিলেন ইহা সত্য নহে।তথাপি তাহাকে জিজ্ঞাসিলেন –––––– কিম্ তব নাম?

বালকটি মাথা নিচু করিয়া উত্তর করিলো ––––– অহম সদাশিব। অহং মহাভারতং পঠিতুম্ ইচ্ছামি।

ইহা শুনিয়া দুর্গাঠাকুরের চোখ কপালে উঠিয়া গেলেও তিনি সামলাইয়া লইলেন। বুঝিলেন ছোকরা ইহাও মিথ্যা বলিতেছে। তাহার মোটেও মহাভারত পড়িবার ইচ্ছা কস্মিনকালেও হইতেছে না। এ নেহাতই গুরুমশাইকে খুশি করিবার একটি অজুহাত বৈ কিছুই নহে। ইতিমধ্যে এম ডেম আসিয়া খবর দিলো বাহিরের উঠানে চানখিরা আসিয়াছে। দুর্গাঠাকুর ইহা শুনিয়া আজকের মতো টোল মুলতুবি ঘোষণা করিয়া দিলেন। ছাত্রেরা মহাকলরব করিতে করিতে মুহূর্তেই দুর্গাঠাকুরের বাড়ি খালি করিয়া ফেলিলো। 

চানখিরা তাহার কাঁধের দুই ভার নামাইয়া রাখিয়া অপেক্ষা করিতেছিল। দুর্গা কালী একইসময়ে উঠানে আসিয়া উপস্থিত হইলেন। চানখিরা সুরমা নদীর চান্দখিরা মাছ ব্যতীত আর কোনো মাছ লইয়াই  কখনো আসে না। আজও তাহার ব্যাতিক্রম হইলো না। লোকটি দেখিতে অনেকটা চান্দখিরা মাছের ন্যায় । ইহা চাঁপঘাটের মানুষেরা মনে করিয়া থাকে। সেই মনে করা হইতেই তাহার নাম এই অঞ্চলময় চানখিরা পড়িয়া গিয়াছে। দুর্গাঠাকুর মাছ খাইতে বড়ই ভালোবাসেন। বিশেষত গরম তেলে কড়কড়া করিয়া চান্দখিরা ভাজা তাহার অতীব প্রিয় খাদ্য।সুতরাং বাটীতে মাছ থাকা সত্ত্বেও  কেজিখানেক চান্দখিরা কেনা হইলো।

1 Comment

  • লেখাটি সুরমা নদীর জলের ন্যায় প্রবহমান। সহজ, সাবলীল, স্বত:স্ফৃর্ত।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *