Email: editors.kokshopoth@gmail.com
November 18, 2026
Kokshopoth

তৃষ্ণা বসাক-এর মায়া-মফস্বল ও ক্যাংলাস পার্টিরাঃ দ্বিতীয় ভাগ

Nov 16, 2026

ধারাবাহিক মায়াগদ্য
তৃষ্ণা বসাক-এর মায়া-মফস্বল ও ক্যাংলাস পার্টিরাঃ দ্বিতীয় ভাগ
পর্ব #২৪

তৃষ্ণা বসাক আধুনিক বাংলা সাহিত্যের একটি অতিপরিচিত প্রিয় নাম। জন্ম কলকাতা । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি.ই. ও এম.টেক.। সরকারি মুদ্রণসংস্থায় প্রশাসনিক পদ, বিশ্ববিদ্যালয়ের পরিদর্শী অধ্যাপনা, সাহিত্য অকাদেমিতে অভিধান প্রকল্পের দায়িত্ব – বিচিত্র ও বিস্তৃত কর্মজীবন। বর্তমানে পূর্ণ সময়ের লেখক ও সম্পাদক। কবিতা, গল্প, উপন্যাস প্রবন্ধ মিলিয়ে গ্রন্থ সংখ্যা ৬৫-রও বেশি। সাহিত্য অকাদেমির ভ্রমণ অনুদান, বঙ্গীয় সাহিত্য পরিষদের ইলা চন্দ স্মৃতি পুরস্কার সহ পেয়েছেন অন্যান্য বহু পুরস্কার। হিন্দি, মালয়ালম, ওড়িয়া ভাষায় গল্প অনূদিত। মৈথিলী থেকে অনুবাদ ও কল্পবিজ্ঞান রচনায় সাবলীল ।

ক্যাংলাসের সেলেবাসনা

 

আমি মন্ত্রী হব- এই নামে একটা নাটক খুব জনপ্রিয় হয়েছিল অনেক কাল আগে। আমাদের ক্যাংলাসের বাসনা সে সেলেব হবে।   এমনকি তার ধারণা সে সেলেব হয়েই গেছে , কিন্তু এক একটা যাচ্ছেতাই ঘটনায় সব ঘেঁটে ঘ হয়ে যায়।

ঠাকুর বলেছিলেন লোকের টাকা হলে তার চালচলনই বদলে যায়। সে শিস দ্যায়, সাহেবদের মতো পোশাক পরে, গ্যাট ম্যাট করে ইংরেজি বলে।  মানে হঠাৎ বড়লোকদের কথাই বলেছিলেন আর কি। তা হঠাৎ বড়লোকদের চলনে বলনে বোঝা যায় বৈকি। কিন্তু এদের সঙ্গে আবার সাজা বড়লোকদের তফাত আছে। কৈশোরে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম । তাতে মিঠুন চক্রবর্তী আর রতি অগ্নিহোত্রী নায়ক নায়িকা। সেখানে কোন  এক বড়লোকের সঙ্গে দেখা করতে এক দল ক্যাংলাস একটা হোটেলে এসেছে গাড়ি ভাড়া করে। তারা রিসেপশনে গিয়ে বলছে ‘হমলোগ কার সে আয়া!’

সেই সংলাপ মনে পড়লে আজো সোডার বোতল খোলার মতো ভসভসিয়ে হাসি উঠে আসে। কোন কোন ক্যাংলাস,   বড়লোক তো বটেই, আজকাল আবার সেলেব সাজার কী যে আপ্রাণ চেষ্টা করে- তা ভাবা যায় না। এই আমাদের নিজ কলে প্রস্তুত ক্যাংলাসটির কথাই ধরুন না। বেচারার বহু কালের বাসনা সেলেব হবে। এখনকার দিনে সেলেব হবার সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে ফেসবুক ইন্সটাগ্রামে রিচ আর ফলোয়ার বানানো। তা সে চেষ্টার সে ত্রুটি রাখেনি।  জুকেরবার্গের থানে মানত করে  নিজের অ্যাকাউন্টটি শস্যশ্যামলা  করার চেষ্টায় সকাল থেকে রাত অব্দি সে মেহন্নত করে কম না। এতটাই মেহন্নত, যে তার বাড়ির লোকের প্রেত্যয় হয়েছে সে ফেসবুকে চাকরি করে।  দশটা পাঁচটা ছাপোষা কেরানির কাজ না , একেবারে পুলিশ ডাক্তার নার্স দমকলের মতো আপৎকালীন পরিষেবা । আপনার যখন দরকার তখনি আপনি তাকে ফেসবুকে পাবেন। নিজের শরীর মন পাত করে সে ফেসবুকীয় মণ্ডলীর সেবা করে যাচ্ছে। আর কারো জন্মদিন হবার জো নেই। সে অমনি ঝাঁপিয়ে পড়ে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেই। কোথায় শুনেছে বিগ বি নাকি সবাইকে জন্মদিনে গুলদস্তা ভেজে থাকেন। সে -ও বি, বিগ না হলেও স্মল বি। গুলদস্তায় খরচ আছে, কিন্তু শুভেচ্ছাবার্তা নিখরচার জলযোগের মতোই। কিন্তু ঐ যে সাজা সেলেব, তাই গণ্ডগোল হয়ে যায়। তার ফোনটি তো ক্যাংলাসোচিত। তার অটো মোড ছড়িয়ে লাট করে। সেখানে নাকি তৃষ্ণা লিখতে গেলে তৃণমূল, বাজে লিখতে গেলে ঐ সেই পার্টিটা (নাম করতে নেই, ঠাকুর নোমো নোমো) লেখে অকাতরে। সে নাহয় বুঝলাম। তাতে তো ক্ষেতি কিছু নেই, একটু বিরক্তি ছাড়া। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তো রিয়েল কেলো হচ্ছে। শুভ লিখলেই অটো মোড লিখছে শেষ। মানেটা বুঝতে পারছেন তো? হাড় হিম করা ব্যাপারটা? আপনার ধরুন জন্মদিন, সকাল থেকে আপনি ফোন হাতে আহ্লাদী মুখে বসে আছেন, কড় গুনে গুনে দেখছেন কটা লাইক কমেন্ট পড়ল আজকের নেকুপুষু ছবিটায়, কজন আপনার টাইমলাইনে পোস্ট করল, আর অমনি এই গাঁয়ে মানে না আপনি সেলেবটি কিনা আপনাকে দাঁত বার করে ‘শেষ জন্মদিন’ জানাল!

 

নিজের জন্মদিন নিয়েও সে কম ছড়ায়নি। একবার তার মনে হয়েছিল নিজের জন্মদিন খুলে রাখাটা সেলেবসুলভ নয়, এবার থেকে সে জন্মদিন হাইড করে রাখবে। বেশ কথা। সে বছর সকাল থেকে রাত গড়িয়ে যায়, কারো একটা শুভেচ্ছা নেই। সেই ‘ক্ষীরের পুতুল’-র ষষ্ঠী ঠাক্রুনের মতো অবস্থা। বেলা গড়িয়ে গেল, পেটে একটা দানা পড়েনি, কেউ তাঁর থানে পুজো দিতে এল না!

আসলে সে যে শাহরুখ খান নয়, ভুলে গেছিল আর কি! ভেবেছিল দুহাত ছড়িয়ে নিজের বাড়ির ছাদের আলসেয় দাঁড়াবে। কিন্তু ঐ যে জানু মেরি জান, জানু দুটিও তো সেলেব সুল্ভ নয়। যত্ত বেইমানের দল। সে বছর জন্মদিন প্রায় নির্জলা গেল। দু একজন অনুগ্রহ করে উইশ করল, তাদের মনে হচ্ছিল ঝুঁটি ধরে নাড়িয়ে দ্যায়। পরের বছর এ ভুল আর সে করেনি, জন্মদিনের দরজা অনেক আগে থেকে আটঘাট বেঁধে খুলে রেখেছিল।  তাতে ডি ভি সি-র জল ছেড়ে ম্যান মেড বন্যার মতো শুভেচ্ছা বার্তা সাতদিন আগে থেকে আসতে শুরু করল। যেন ‘যৌবন জল তরঙ্গ রোধিবে কে?’ মাঝে মধ্যে জুকুকাকু খাপ পঞ্চায়েত বসিয়ে রেড চালায় যদিও, কিন্তু আদতে ফেসবুকের আবেগ তরঙ্গ রোখার কোন উপায় নেই। যে যা ইচ্ছে লিখতে পারে, যা ইচ্ছে জানাতে পারে।  সে যেমন কারো হাসি মুখের ছবি দেখলেই কিছুই না পড়ে ঝপ করে শুভ জন্মদিন লিখে ফেলে, পরে শুনতে হয় সেটা এমনিই কেত মেরে তোলা ছবি, জন্মদিন নয়।

সিনেমায় দেখা যায় সেলিব্রিটিদের বাড়িতে দরজা খোলার লোক থাকে। সে এসে দরজা খুলে দর্শনার্থীকে চোখ টেরিয়ে যাওয়া বসার ঘরে বসায়। দর্শনার্থী শরীর ডুবে যাওয়া সোফায় বসে দেয়ালে টাঙানো মাতিস কি যামিনী রায় টায় দেখে, কাজের লোকের দেওয়া চা সরবত খায়। তারপর আধঘণ্টা পর সে যখন উস্খুশ করছে তখন ঘোরানো সিঁড়ি দিয়ে কমল মিত্রের মতো স্টাইলে সেলেব দোতলা থেকে নামেন। (চুরুট আর গাউনটা অপশনাল)। কিন্তু হায়, তার কোন কামওয়ালি বাই অমন নেই যে তার হয়ে দরজা খুলে দেবে। তাকেই তেল হলুদ মাখা হাতে ঘর্মাক্ত কলেবরে বারবার দরজা খুলতে হয়। সে তার জন্য বই বহন করা কুরিয়ার হোক, পাড়ার পুজোর চাঁদা হোক, কি বিজ্ঞান মেলার অনুদান- তাকেই লেংচে লেংচে যেতে হয়। কোথায় কমল মিত্তিরের মতো আবির্ভাব! এ যে নবদ্বীপ হালদারের মতো কমিক আর সুখেন দাসের মতো দীন – দেখেই কুরিয়ারের ছেলেটি ভ্রূ কুঁচকে তাকায়।

-আপনিই কি অমুক চন্দ্র তমুক?

দিন দিন ওদের সন্দেহ যে ভাবে বেড়ে যাচ্ছে তাতে আশংকা হয় এবার লেখক কপি আধার কার্ড  দেখিয়ে নিতে হবে। সেখানেও আর এক চিত্তির। আধার কার্ডের ছবি তো অতি উন্নত প্রযুক্তিতে তোলা। সেখানে ফোটোগ্রাফার তার ক্যামেরায় ধরে ফেলেছে মানুষের পূর্বপুরুষকে। ফলে ঐ ছবি দেখলে কুরিয়ারের ছেলে কেন, কেউ বিশ্বাস করবে না ওটা সে। আর এর ঠিক দূরতম প্রান্তে ফেসবুকের প্রোফাইল ছবি। সেখানে যে ফুল্লকুসুমিত  রাইকিশোরীকে ( ফোটোশপ, এ আই যৌথ উদ্যোগে) দেখা যাচ্ছে, তার সঙ্গে এই  হাঁফাতে হাঁফাতে ছুটে আসা উশকো খুসকো চুলের এই হৃষ্টপুষ্ট মহিলার কি সম্পর্ক ? তাদের দোষ দেওয়া যায় না। পরনের কাপতানটির তো নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। কাঁধের সেলাই খোলা, দুপাশে তেল হলুদ  মোছার হাতের ছাপ, যেন মরার অব্যবহিত পরে পরিবারের আবশ্যিক কাজ সেরে যেতে চাইছে নিজেই নিজের হাতের ছাপ তুলে রেখে, তবে কিনা নিজের পায়ের ছাপ নিজের জামায় ওইভাবে নেওয়া ভারি শক্ত, অসম্ভবই বলা যায়, নাহলে ইনি সেটিও সেরে রাখতেন।

 

তবে সবাই যে এঁকে চেনেন না তা নয়, দু একজন প্রকাশকের দূত, বা কবিযশোপ্রার্থীও আসে বৈকি, যাদের আসা একপ্রকার শিরঃপীড়া। কারণ তারা কিছুতেই এই ঠিকানা চিনতে পারে না। যেমন জনৈক ঋতু ঘোষের নকল চোখের পাতা, বিচিত্র অজানা মুখ পালিশ তার ঠিকানায় এসে পড়ে প্রায়ই, তেমনি সেই সব দূতেরাও অন্যের ঠিকানায় গিয়ে গোত্তা খায়। তারপর সেখান থেকে তাড়া খেয়ে তারা যখন এ বাড়ির  দুয়ারে আসে, তারা স্বাভাবিক ভাবেই ক্ষিপ্ত ও বিরক্ত। সেই সময় যেহেতু এ বাড়ির রাঁধুনি বাড়ুনি,  কাটুনি (প্রায়ই মাজুনি মুছুনিও বটে) যিনি আবার এ বাড়ির চিয়ারলিডারও, ও হ্যাঁ লেখিকাও বটে- তাঁর সব প্রতিভার নিদর্শন গৃহ অভ্যন্তরে ছড়িয়ে রাখেন, তাই বারান্দাতেই বসাতে হয়, তখন মশারা খুব সাদরে অভ্যর্থনা করে বৈকি। তার পরে যথাসাধ্য মিষ্টি চা ইত্যাদি দিয়েও আর ড্যামেজ কন্ট্রোল করা যায় না। ওদের প্লেট ধরিয়ে তিনি আবার তখন ভেতরের ঘরে একটি ঘসা আয়নায় ততোধিক ঘসা মুখ মাজতে গেছেন, তা  অসম্ভব বুঝে তিনি উপায়ান্তর না দেখে ঠোঁটে খানিক রঙ ঘসে (এঁর আবার লিপস্টিক আসক্তি এত মারাত্মক যে তিনি শ্রাদ্ধবাসরেও লিপস্টিক ঘসে যান) বারান্দায় এসে দাঁড়ান জামার ছেঁড়া ফুটো যথাসম্ভব ঢেকে, দর্শনার্থী নিশ্চয় তাঁর মতো সেলেবের সঙ্গে একটা সেলফি তুলবে এই আশায়। গিয়ে দেখেন প্লেট খালি, চেয়ারও খালি । সে বেটাচ্ছেলে ততক্ষণে দুয়ারে দাঁড়িয়ে বলছে ‘আসলাম তাহলে। ঐ কথাই রইল’

কী কথা রইল তা তিনি বুঝতেই পারেন না। তাঁর মনে পড়ে ছবি বিশ্বাসের ডায়লগ। পথে হল দেরি সম্ভবত।

‘অভাব যখন দরজা দিয়ে আসে ভালবাসা জানলা দিয়ে পালিয়ে যায়।‘ দরজা আর জানলাটা আপনারা ঠিক করে দেবেন জানি। আপনাদের জ্ঞানগম্যির ওপর আমার খুব আস্থা আছে।

কমল মিত্তিরের মতো হওয়া আর এ জন্মে হল না, তাঁর গমগমে গলাটাই বা কোথায় পাবে? তিনি মিটুনের  মতো ফেসফেসে গলায় বলেন ‘ঠিক আছে। কিন্তু ছবি তুললে না বই নিয়ে? তোমাদের প্রোমোশনের দরকার নেই? তখন সে ছেলে  বলে ‘পরে আপনি ছবি তুলে পাঠিয়ে দেবেন’

হায় একি সমাপন!

 

না এখানেই সমাপন নয়। সারা পুজো বাসন মাজার পর একটা গৃহ সহায়িকা পাওয়া গেছে, তাকে ‘তোমাদের পাড়ায় কেউ কাঁথা বানায় গো?’ জিজ্ঞেস করে শুনতে হয়েছে ‘অনলাইনে কিনে নাও না। আমার বউমারা তো সবকিছুই অনলাইনে কেনে’ এতে ভারি ধাক্কা খেয়ে ক্যাংলাস লেখার টেবিলে বসে পড়ে। আড়চোখে দেখে গৃহ সহায়িকা সুচিত্তারা ঘর মুছতে মুছতে কেবলই তার বিপুল বই আর স্মারকের দিকে চেয়ে চেয়ে দেখছে। তার আশা জাগে। আছে আছে, জায়গা আছে! এখনো সেলেব হবার সময় চলে যায়নি। অমনি তাকে একেবারে শুইয়ে ফেলে সুচিত্তারা বলে ওঠে ‘অ বৌদি। তোমাদের সব ঘরেই দেখি খালি বই আর বই। তোমাদের কি বইয়ের দোকান আছে নাকি গো?’   

8 Comments

  • দুর্দান্ত

  • সেলেব হওয়ার চেষ্টা না করেই এ বা বি খ্যাত হওয়া সহজ ব্যাপার নয় ক্যাংলাস। এজন্য অনেক অনেক পাঁপড় বেলতে হয়। লেখাপড়া করে, দু চার পয়সা জমিয়ে ‘রাখো রাখো হে জীবনে, জীবনবল্লভ’। তারপর? কাজ করে যাও। মানুষ হয়ে ওঠো। হে ক্যাংলাস। আজকাল বিনি পয়সায় একটি অক্ষরও লেখা যায় না। এমন যন্তনা আর কতদিন সইবো?
    দারুন হচ্ছে 🙏❤️

  • দারুণ

  • সেলেবাসনা!! রম‍্য তো নয় তীব্র স‍্যাটায়ার! পড়তে থাকি। ক‍্যাংলাস এই মরসুমে দু পা অন্তর পুজো উদ্বোধন করেও সেলেব হতে চলেছে। মাননীয় অমুকস‍্য তমুক।

  • হাস্যরসে মোড়া তীক্ষ্ণ সূচ ফোটানো লেখা। এক কানে পড়ে ফেলে মনে হল যাহ, শেষ হয়ে গেল! দুর্দান্ত হচ্ছে।

    • @ এক ‘টানে ‘ হবে।

    • মোড়া হাস্যরসে মোড়া তীক্ষ্ণ সূচফোটানো লেখাটি। এক টানে পড়ে ফেলে মনে হল, যাহ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল! দুর্দান্ত।

  • অসাধারণ লাগল।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *