Email: editors.kokshopoth@gmail.com
September 5, 2026
Kokshopoth

সুমন চক্রবর্তী-র দুটি কবিতা

Sep 4, 2026

সুমন চক্রবর্তী-র দুটি কবিতা

জন্ম, স্কুল, কলেজ কলকাতায়। পুঁথিগত বিদ্যায় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারীং এর স্নাতক এবং বর্তমানে ব্যাঙ্গালোরে তথ্য-প্রযুক্তিতে কর্মরত। দেশ, কিছু লিট্‌ল ম্যাগাজিন এবং দোসর প্রকাশনের “ক্যাফে কবিতা” সংকলন-এ তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। ২০২৪ বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই “বাষ্পডানা”। লেখালেখি ছাড়াও বেড়াতে, গান শুনতে আর নাটক করতে ভালোবাসেন।

শ্যামা

 

আহা মেয়ে তো নয় যেন দুগ্গা ঠাকুর!

 

ক্লাস থ্রীতে পড়া মেয়েটি

পিঠে ব্যাগ নিয়ে একা একা বাড়িতে ফেরে

ফাঁকা বাড়ির দরজা খুলে ঢুকে

ভিতর থেকে তালা দেয়

নিজের খাবার নিজে বেড়ে খায়

মেঝে মুছে থালা ধুয়ে রাখে।

 

মেয়েটিকে দুগ্গা ঠাকুর নয়

আমার খুব শ্যামা বলে ডাকতে ইচ্ছে করে।

 

পুরুষতন্ত্র তার পায়ের তলায়।

 

মানচিত্র

 

ন’ বছরের মেয়েটি স্কুল থেকে একলা

বাড়ি ফিরে ঘড়ির দিকে তাকিয়ে থাকে।

বাবা-মা ফিরতে রাত আটটা।

দুপুর গড়িয়ে বিকেল হয়

পাশের মাঠে ছেলেরা খেলতে খেলতে জানলার কাঁচ ভাঙে

মাঠ থেকে বাড়ির ছাদে লাফিয়ে ওঠে বল আনতে

দরজা ধরে ঝাঁকায় – ধাক্কায় – খুলতে বলে

খোলে না বলে গালাগাল করে

ছাদে ধপধপ আওয়াজ

দরজা যেকোনো সময় ভেঙে যাবে

অশ্রাব্য চিৎকারে কান ভন ভন করে

ভয়ে খিদে পায়

খাবার বেড়ে খেতে গিয়ে দেখে ঘরে সাপ ঢুকে এসেছে

লাফিয়ে সে বিছানায় ওঠে

বিছানা ভর্তি কাঁচের টুকরো।

 

একটা রং পেনসিল দিয়ে

বিছানার চাদরে মেয়েটি ভারতের ম্যাপ আঁকে

চুপ করে তার উপর বসে থাকে।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *