জন্ম ও বেড়ে ওঠা কলকাতা শহরে। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই একাধিক বই প্রকাশিত হয়েছে- সীমন্তিকা (কবিতা); মন্তাজ (গল্প); লাল ক্রাইস্যান্থেমামের ভোর (কবিতা); উমা (উপন্যাস); এবং ভালোবাসা (কবিতা এবং ছোটগল্প); ভালো থাকার স্তব (কবিতা); কস্তুরী হ্রদের সিম্ফনি (কবিতা); ঋকগান উচ্চারিত হলে (কবিতা); ঊনকোটি জন্মের অপেক্ষা (কবিতা); “প্রার্থনায় রাখি আলোকিত”; “টুকরো কথার ঝাঁপি”; “Tunes of Torn Strings” (2020); “EUNOIA” (2022)।
বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিতা।
অমৃত ভান্ড
ছত্রাকবেষ্টিত অনুপমা মূর্তির মুখ দৃশ্যমান
নিজেরই প্রতিবিম্ব যেন
ছুঁতে গিয়ে শিউরে ওঠে ম্যানিকিওর করা আঙুলের ডগা
সশব্দে ভেঙে পড়ে মূর্তি –
তোমার প্রতিচ্ছবিও।
তোমায় ঘিরে ধরে শত শত যক্ষ আর অপ্সরাদের শতাব্দীপ্রাচীন ছায়া
তোমার ভয়ার্ত দু’চোখে ওদের মতোই গাঢ় আঁধার
অকস্মাৎ জিজ্ঞাসার ঝিলিক খেলে গেলে দুঃস্বপ্নের মত বেজে ওঠে আর্তস্বর
বধির হতে হতে তুমি দেখো কত শত প্রেয়সীর রক্তে ইতিহাসের গালিচা রুধিময়
গহীন এইসব অঞ্চলে আশ্বাসের আলোটুকু কখনও পৌঁছয়নি।
যদি ফিরে যাও –
তবে দেখে এসো কেমন পরম নিশ্চিন্তে নিদ্রামগ্ন অযুত কন্যাভ্রূণ
অথচ কালিমালিপ্ত তর্জনীর ডগায় লেগে থাকে মিথ্যে বন্ধ্যাত্বের উপকরণ।