# ১
কবিতা
একটাই কবিতা লেখার জন্যে
সকাল থেকে সন্ধ্যা কি আকুতি কি আক্ষেপ।
এদিকে কবিতা
সকালের খবরের কাগজ পড়ার পর
‘ বাপের বাড়ি যাচ্ছি ‘ – বলে চলে গেল,
তখন থেকেই মনটা আর নিজের বশে নেই।
সকালের খবরের কাগজটাকে
আস্তাকুড়ে ছুড়ে ফেললে
যদি পরের দিন টা সুখকর হয়
সেই আশায় আস্তাবলের ঘোড়াটাকে
চাবুক মেরে ছুটিয়ে দিলাম।
#২
নির্ঘাত
নির্ঘাত প্রেমে পড়েছি
নিশ্চয় প্রেমে পড়েছি
নিশ্চয় বেগুন গাছের কাঁটা আমার দোরগোড়ায়
নিশ্চয় মেঘ বৃষ্টি ঝরিয়ে এখন সর্বস্বান্ত
এখনি প্রেম হয় গাঢ়তর।
নির্ঘাত প্রেমে পড়েছি।
একটা লাঠি নিয়ে দাড়িয়ে আছি
দোরগোড়ায়
প্রতিদ্বন্দ্বী সব পলাতক।
খেজুর গাছের রস খাবার জন্য লালায়িত
ইচ্ছা নিয়ে
এসে পড়েছি ভোরবেলায় ।
# ৩
বাঁশ বাগান
বাঁশ বাগানের ওপর চাঁদ
দেখবে কোথায়
বাঁশ বাগান খুঁজে খুঁজে হয়রান !
এখন চব্বিশ তলার ডান পাশ দিয়ে
চাঁদ উঠে আসে ।
সেই চাঁদ ধরতে মহুয়া ভর দুপুরে
উড়তে থাকে
ক্ষতবিক্ষত তার দেহ দেখা যায়
সশব্দ পতনের পরে পরেই।
তখন জল্পনা বাঁশ বাগান চাঁদ
চব্বিশ তলার বংশবৃদ্ধি দুপুর বেলা
ইত্যাদি নিয়ে।
ইঙ্গিতে মহুয়ার চরিত্রও।
#৪
দেওয়াল ঘড়ি
আমাকে তাড়া করে চলে শিশির বিন্দু ও
এক জোড়া পাগলা ঘোড়া
আমার হৃদয় কুরে কুরে খায় একটা হামান দিস্তা ও একটা বেলুনচাকি।
মানব সভ্যতার নাম দানব সভ্যতা হলে মানানসই হয় – বললেন বিচক্ষণ’রা।
বৈজ্ঞানিকদের উচিত ছিল তাঁদের গবেষণার কিছু কিছু আবিষ্কার চেপে যাওয়া।
দেওয়াল ঘড়িটি বলে উঠলো – ঠিক ঠিক।