তিস্তা-র ধারাবাহিক আখ্যান
তিস্তা-র ধারাবাহিক আখ্যান
অর্জুনের ডায়েরি পর্ব # ১৯
তিস্তার নিজের কথায়, ‘বিশেষ কোন পরিচয় নেই। এ পর্যন্ত দশটি কবিতাগ্ৰন্থ ।
‘এ’টুকুই’ শব্দটি লক্ষ্যণীয়। এ’টুকুই শব্দের অর্থ এখানে এ’টুকু নয়। ওঁর কবিতা পড়লেই সেটা বোঝা যায়।
কক্ষপথে তিস্তা এবার গদ্য লিখছেন। ধারাবাহিকভাবে। প্রতি সপ্তাহেই। ‘অর্জুনের ডায়েরি’। পাঠক হতাশ হবেন না। এবং হচ্ছেনও না। উপভোগ করছেন। এ’টুকুই আমাদের প্রাপ্তি।
নাম
অনেকদিন পর সেদিন বিকেলে পাড়ায় বেরিয়েছিলাম।
দিনের আলো তখন নরম হয়ে আসছে। ফেরার পথে মোড়ের পুরোনো চায়ের দোকানের সামনে এসে হঠাৎ আমার পা আটকে গেল। দোকানটা বহুদিনের পুরোনো। ছোটবেলা থেকে দেখে আসছি—কতদিন ধরে দোকানটা এক জায়গায়; একইভাবে দাঁড়িয়ে আছে। বাবার হাত ধরেও এসেছি কতবার।
দোকানটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক-ওদিক তাকালাম। বিকেলবেলা সাধারণত যারা আড্ডা দেন, আজও তাঁদের কয়েকজন মান্ধাতার আমলের সেই কাঠের বেঞ্চিতে বসেই চা খাচ্ছিলেন। এনাদের দু-একজনকে ছোটবেলা থেকেই চিনি। তাঁদের মুখের আদল কিছুটা বদলে গেছে। চামড়ায় বয়সের ছাপ। চুলে পাক ধরেছে। কিন্তু সেই ভঙ্গিটা, একটু ঝুঁকে বসা। কিংবা চায়ের ভাঁড়টা হাতে নিয়ে দূরের কোনো শূন্যতায় তাকিয়ে থাকা—সেটা সেরকমই রয়ে গেছে। মনে হলো, সময় যেন ওই বেঞ্চটার ওপর এসে থমকে আছে।
বাইরের কংক্রিটের শহরটা যখন প্রতিদিন রূপ বদলায়। নতুন নিয়ম আর প্রযুক্তিতে চেনা মুখগুলো অচেনা হয়ে ওঠে। তখন পাড়ার এই মোড়টা কেমন যেন এক জেদি নিয়মে আগের মতোই আটকে আছে। এখানে বয়স বাড়ে, কিন্তু চালচলন বদলায় না। এই স্থবিরতার মুখোমুখি দাঁড়ালেই বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হয়—মনে হয়, আমরা যারা ছুটে চলেছি, তারা আসলে শিকড় উপেক্ষা করে শুধু মাত্র ডালপালা ছড়াচ্ছি।
এসব যখন ভাবছি—ঠিক তখনই একজন বয়স্ক ভদ্রলোক হঠাৎ আমার দিকে তাকালেন। আমাকে দেখে প্রথমে একটু ইতস্তত করলেন। তারপর চায়ের ভাঁড়টা টেবিলে রেখে বলে উঠলেন, “আরে, তুমি কানাইয়ের ছেলে না!”
কথাটা কানে যেতেই একটু যেন ধাক্কা খেলাম! আমার নিজের একটা আলাদা নাম আছে। অফিশিয়াল কাগজপত্রে, কর্মক্ষেত্রে সেই নামটাই আমার একমাত্র মূলধন। বয়সও হয়েছে খানিকটা। অথচ ওই ভদ্রলোকটির কাছে আমার নিজের অস্তিত্বের কোনো আলাদা দাম নেই। আমার নামটা তাঁর একবারও মনে পড়ল না, বা তিনি হয়তো মনে রাখার প্রয়োজনই মনে করলেন না। তাঁর কাছে আমি এক লহমায় শুধু ‘কানাইয়ের ছেলে’।
একটা আস্ত প্রজন্মকে পেরিয়ে গিয়েও তাঁর স্মৃতিতে আমি কেবল একটা শেকড়ের উত্তরসূরি মাত্র। নিজের একটা কেরিয়ার, নিজের ঘাম ঝরানো অর্জন, নিজের নামের পাশে তিলে তিলে তৈরি করা ছোট একটা পরিচিতি—সবকিছু যেন ওই এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেল।
বাবার মৃত্যুর খবরটা তিনি জানতেন। হয়তো পাড়ার চায়ের দোকানের আড্ডাতেই কোনো এক সকালে খবরটা চাউর হয়েছিল। কিছুক্ষণ সেই প্রসঙ্গেই কথা হলো। ভদ্রলোক সমবেদনা জানালেন—একটা গতানুগতিক সমবেদনার সুর ছিল তাঁর গলায়! কিন্তু তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে তিনি যেন অন্য কিছু খুঁজছিলেন। বাবার সঙ্গে তাঁর পুরোনো কিছু কথাবার্তার স্মৃতি হাতড়াতে লাগলেন।
কোন ধরনের বই পড়তে বাবা ভালোবাসতেন। বিকেলবেলা এই চায়ের দোকানের কার সঙ্গে
রাজনৈতিক তর্কে মেতে উঠতেন। একবার লাইব্রেরির বই জমা দেওয়া নিয়ে কী এক তুচ্ছ কারণে তিনি বেজায় উত্তেজিত হয়ে পড়েছিলেন। সেসব ছোটখাটো খুঁটিনাটি তাঁর দিব্যি মনে আছে। এমনকি বাবা কোন ব্র্যান্ডের সিগারেট খেতেন বা কোন পত্রিকার কোন পাতাটা আগে পড়তেন, তাও তাঁর নিখুঁত মনে আছে।
আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। মাথার ওপর দিয়ে একটা কয়েকটা পাখি কিচিরমিচির করতে করতে সামনের অশ্বত্থ গাছটার দিকে উড়ে গেল।
আড্ডার মানুষগুলোর ভাঙাচোরা স্মৃতিচারণ শুনতে শুনতে এক অদ্ভুত লজ্জা ও বিস্ময় যুগপৎ আমাকে আচ্ছন্ন করে ফেলল! ঘরের ভেতরের মানুষটার সঙ্গে বাইরের এই মানুষটার ব্যবধান কত বিশাল! আমরা যারা রক্তের সম্পর্কে সবথেকে কাছাকাছি থাকার অহংকার করি, তারা আসলে বাবার জীবনের কতটুকুই বা জানি। ঘরের চার দেওয়ালের মধ্যে তাঁর প্রকাশ ছিল গম্ভীর ও নিয়মতান্ত্রিক। আর এই চায়ের দোকানের তিনি ছিলেন এক মুক্ত বিহঙ্গ। সেই অনাবৃত জগতটার নাগাল কোনোদিনই আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়নি।
বাবার এতগুলো পরিচিত মানুষ এই পাড়ার অলিগলিতে ছড়িয়ে আছে। আগে কোনোদিন আমি এসব নিয়ে এভাবে গভীরে ভাবিনি। ঘরে আমরা বাবাকে যেভাবে চিনতাম, পাড়ার এই মানুষগুলোর কাছে বাবা মানুষটা সম্পূর্ণ অন্য এক মানুষ। সংসার বা অফিসের বাইরেও তাঁর একটা স্বাধীন জগত ছিল। বাড়িতে তিনি হয়তো অনেক সময় থমথমে এবং উদ্বিগ্ন! কিন্তু এই চায়ের আড্ডায় তিনি ভিন্ন এক সত্তা।
তাঁর কিছু নিজস্ব বাতিক ছিল। কিছু স্পষ্ট মতামত ছিল। কিছু জোরালো পছন্দ-অপছন্দ ছিল। যা কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে কোনোদিন প্রবেশাধিকার পায়নি। আর এমন কিছু গল্প বা আড্ডা ছিল, যার বিন্দুবিসর্গও আমি জানি না। সেগুলোর সঙ্গে আমাদের ঘরের ভেতরের কোনো যোগ নেই। মানুষের চরিত্র যে কতমুখী হতে পারে, তা এভাবে না দেখলে হয়তো কখনো উপলব্ধি করতে পারতাম না।
এই উপলব্ধির ভেতর দিয়ে মনের গভীরে একটা সুপ্ত অভিমান তৈরি হল। একজন মানুষ যখন নিজের পরিবারের বাইরে অন্য দশজন মানুষের সঙ্গে সম্পূর্ণ এক মুক্ত ছন্দে বেঁচে থাকেন, তখন ঘরের ভেতরের মানুষগুলো কি তবে তাঁর কাছে এক বাধ্যতামূলক দায়িত্বমাত্র? এই দুইয়ের মাঝে কি তবে কোনো মেলবন্ধন নেই? নাকি মেলবন্ধন হয় না?
কথা শেষ করে আমি চায়ের দোকান থেকে বেরিয়ে এলাম। একটু এগিয়ে পিচঢালা রাস্তার ধারে এসে দাঁড়ালাম। মাথার ওপরের তারগুলোতে তখনও গোধূলির শেষ আলোটুকু আটকে আছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো!
এই মানুষগুলোর অনেকেই আমাকে হাফপ্যান্ট পরা অবস্থা থেকে দেখছেন। স্কুলব্যাগে বই নিয়ে দৌড়নো। সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। বিকেলে মাঠে বলের পেছনে ছোটা…। আমার জীবনের কত কত মুহূর্ত তো এদের চোখের সামনেই ঘটেছে। অথচ আজ এত বছর পরেও তাদের কাছে আমি নিজে আলাদা কোনো সত্তা হয়ে উঠতে পারিনি। আজও তাদের চোখে আমি কেবল ‘কানাইয়ের ছেলে’।
আমার নিজের অর্জন, আমার পড়াশোনা, আমার পেশা, আমার ব্যক্তিগত লড়াই—কোনোটারই যেন আলাদা কোনো দাম নেই, ওজন নেই, স্বীকৃতি নেই এদের কাছে।
বাবার সঙ্গে আমার সম্পর্কটা তো একান্তই ব্যক্তিগত। রক্তমাংসের। শৈশবের ছায়া থেকে শুরু করে
প্রাপ্তবয়স্কের দূরত্ব—সব মিলিয়ে এক গভীর মনস্তাত্ত্বিক বুনোট। এই বুনোট বড় অদ্ভুত। রক্তের টান আমাদের একদিকে যেমন শেকড়ের গভীরে গেঁথে রাখে, অন্যদিকে আমাদের স্বতন্ত্র ডানাকে মেলে ধরতে দেয় না। ঘরের ভেতরের সেই নিখাদ দ্বন্দ্ব, না-বলা দূরত্ব আর গভীর ভালোবাসার টান—সবকিছুর পর পাড়ার এই চত্বরে এসে যখন দেখি আমাদের আলাদা কোনো অস্তিত্বই গ্রাহ্য হচ্ছে না, তখন মনে হয় আমাদের ব্যক্তিগত লড়াইগুলো বড় একা এবং অর্থহীন।
তবে কি আমার নিজের একটা আলাদা নাম থাকার কোনোই দাম নেই? সেই নামের কি নিজস্ব কোনো ব্যক্তিত্ব তৈরি হলো না? নাকি জন্মসূত্রে পাওয়া পরিচয়ের বাইরে মানুষের নিজস্ব কোনো একক সত্তা বলে আসলে কিছু হয় না। আমরা কি তবে কেবল কারো না কারো উত্তরসূরি হিসেবেই বেঁচে থাকি?
ভাবনাটা বুকের মধ্যে একটা গভীর শূন্যতার জন্ম দিল। নিজের নামের স্বাতন্ত্র্য ও পৈতৃক পরিচয়ের এই দ্বন্দ্বটা হঠাৎ আমার বুকের ভেতর এক ভারী নিঃসঙ্গতার সৃষ্টি করল।
রাস্তার ওপাশের আকাশটা তখন গোধূলির রক্তিম আলোয় কেমন যেন থমথম করছে। মেঘের আড়ালে আলো-আঁধারির এক অদ্ভুত খেলা চলছে। বাড়ি ফেরার শেষ আলোটুকু গায়ে মেখে আমি আরও একটু দ্রুত পা চালালাম।
মাথার ভেতর তখনো হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে…। আর চারপাশের চেনা পাড়ার অলিগলিগুলো অদ্ভুত এক নীরবতায় আমাকে ঘিরে ধরছে।