#১
চরিত্র বদল
শহরের বাহনগুলো চরিত্র বদলেছে
আকাশ বিদ্যায় দারুণ পারদর্শী হয়ে উঠেছে
চিনতে শিখেছে যৈবতী অরুন্ধতী
অন্য নক্ষত্রদের চোখেই পড়েনা যেন
মেঘে ঢেকে থাকলেও সামিয়ানা
আড়াল ভাঙার বাহানা ওদের ভালোই জানা
তারপর পাখির ডানা মেলে
উড়ে চলে বাতাসের বাধা ঠেলে
#২
চন্দ্র দর্শন
প্রস্তুতির পর প্রস্তুতি চলছিল
যোগাড়যন্ত্র করা হচ্ছিল নানা ছুতানাতা
কিছুই দরকার ছিলো না অথচ কেউই
বুঝতে চাইছিলো না তা
অবশেষে সময় হলো
বনে গেলো চাঁদ সদাগর
বিছানা পেতে সঞ্চিত রসদ হলো সাবাড়
কাঙ্ক্ষিত চাঁদের সঙ্গে আর হলো না দেখা
ফিরতে ফিরতে চললো মেঘের মুণ্ডপাত
সিদ্ধান্তে স্থির হলো এই নাকি তার
ছিলো ভাগ্য লেখা
#৩
আমি ঢাকা থাকি
শহরের অন্য নাম ব্যস্ততা
এখানে গুনে গুনে পা ফেললে
পিছিয়ে পড়তে হয়
শহরের মেঘগুলো তীব্র রোদে
ঘামে ভেজা বাইকারদের চেয়েও অস্থির
বৃষ্টি হতে হতেও হয়না
প্রচন্ড জ্যামেও দুর্দান্ত হয়ে ওঠে
দুরন্ত বাইকার
সে অফুরন্ত সময় কোথায়
জ্যামে ট্যামে আটকে থাকার
যত খ্যাপ তত টাকা তত স্বস্তি
বস্তির জীবন কাটিয়ে ট্যাক স্ফীত হলেই
বুকের স্ফীতি বাড়ে
বাড়ি গিয়ে রাস্তার মোড়ের দোকানে
জমানো যায়
মেঘের মই ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে
কলার ঝাঁকিয়ে বলা যায়- আমি ঢাকা থাকি
##