Email: info@kokshopoth.com
April 18, 2026
Kokshopoth

হিন্দোল ভট্টাচার্য 

Apr 17, 2026

 কবিতা

হিন্দোল ভট্টাচার্য

#১

বীরগাথা 

 

জেতা, মানে হেরে যাওয়া। কেউ নেই তার।

জীবন শ্মশান হলে, যারা যারা পুড়ে যায়, শব 

তাদের জীবনমৃত্যু, হিসেব, কাগজপত্র নেই।

যে পোড়ায়, একা, তার যুদ্ধ শুধু একাকী বাঁচার। 

 

তার চেয়ে ভালো এই ব্যর্থতার কাছে চুপ করে 

অভিবাদনের পর যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়া।

একা একটা লোক, জানে, জিতে গেলে, একা 

পাশে কেউ কোনোদিন, থাকে না, জীবন যায় সরে…

 

তবে হেরে যাওয়া ভালো? যুদ্ধক্ষেত্রে, মৃত্যু তার চোখ

সে-ই তবে আমরণ সঞ্জয়ের মতো জেগে থাকে?

যুদ্ধে তো সবাই হারে, জেতে কারা? নরক শ্মশান?

যুদ্ধে তো সবাই ছাই। জেতে তবে নিভে যাওয়া শোক? 

 

জেতা, মানে হেরে যাওয়া। হেরে যাওয়া, মানে, জেতা নয়।

যুদ্ধ মানে সভ্যতার অসভ্য আদিম পরাজয়।

 

 

#২

শিশু ও সাম্রাজ্য

 

তোমার যুদ্ধের কছে উড়ে আসে শিশুদের ছাই 

শিশু মানে বৃদ্ধকালে যে তোমার মুখাগ্নির হাত।

তারই ছাই উড়ে আসে। ওই আবার এলে সে আঘাত।

কিছু একটা পুড়ে গেল। এর বদলা নিতে আমরা চাই।

চাই তারও শিশুমৃত্যু। ক্ষেত থেকে মাটি ধ্বংস হয়।

পোকামাকড়ের মৃত্যু বুঝি শুধু গোঙানিবশত।

কত যে অক্ষত তবে, আর কত হয়েছে নিহত-

এসব জানার নয়, আক্রমণ, আক্রমণ, ক্ষয়।

 

তোমার যুদ্ধের কাছে শুধু ক্ষয়, কঙ্কালের হাড়।

কারা তবে মাটি দেবে কবরের, কারা দেবে জল?

মানুষ মরেছে, শুধু মানুষ মরেছে তা-ই নয়

মরেছে স্বপ্নের দৃশ্য, মরেছে বাতাস অনর্গল। 

কারা তবে বেঁচে থাকবে, কারা লিখবে জয়-পরাজয়?

সংখ্যা নেই, তত্ত্ব নেই, দেহ শুধু, মৃতের পাহাড়।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *