Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

শুভদীপ ঘোষাল-এর এক গুচ্ছ কবিতা

Oct 16, 2025

শুভদীপ ঘোষাল-এর এক গুচ্ছ কবিতা

শুভদীপ ঘোষাল। জন্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। পেশায় থিয়েটার কর্মী ও সরকারী আধিকারিক। কাজ করেছেন রেডিওতেও। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং বাংলা কবিতা ও ভাষা সাহিত্য। ভালোলাগা নতুন বই পুরনো গান পথচলতি সাইনবোর্ড।

ফ্রি কিক অথবা পেনাল্টি মেরে বলটা জড়িয়ে দাও জালে

বর্তমান আদতে ঘটমান।

এখুনি ঝাঁপ দেব বেয়াদপ অন্ধকারে রাস্কেল পালিয়ে যেও না 

অঙ্কের স্যার বলেছিলেন 

‘শুভদীপ ছেলেটা বখে গেছে’

তিনি গণিতপুরুষ।

বিনীত নিবেদন—

আপনারা ঝাঁপিয়ে পড়ুন জোৎস্নায় 

নীল মানুষের ভীড়ে।

আমি হাহাকারে ভেসে ভেসে থাকি

সিগারেট ধরিয়ে আচমকা ভাবি

মুখ্যমন্ত্রীর মোডাস অপারেণ্ডি যদি একটু বুঝতে পারতাম। 

চুইংগাম চিবোতে চিবোতে 

আগামী দিনগুলোর কথা ভাবো।

থু করে নিজেকে ফেলে দাও 

                                           দূরে।

ফেরিঘাট অথবা অডিটোরিয়ামে 

রবীন্দ্রচর্চার দিন শেষ।

রিসোর্টের জানালা থেকে 

দেখ বঙ্গোপসাগর 

হাঙর আর যুদ্ধজাহাজ।

দেখ কান কাটা রাষ্ট্রনায়ক 

মুচকি হাসছে

গলা কাটা রাজনীতিবিদ।

ভাষার দুদিকে শুধু ব্রথেলের আলো

একুশ শতক বলে কিছু নেই আর।

প্যারাবোলার বাঁকে আমি খুঁজি 

মাতৃজঠর

একটি শিশুর পুনঃনির্মাণ 

একটি ট্রাপিজিয়াম ঈষৎ হেলে আছে

শিশুপাঁজরার মতো—

একদিকে স্কুল

অন্যদিকে থানা।

ভেঙেছে বাড়িঘর

কতগুলো হাঁ মুখ

রক্তাক্ত মুখহ্বর।

কয়েকজন পুলিশ-পুতুল

চুপ করে দাঁড়িয়ে থাকে।

আয়তনের বদলে এখন আমি শুধু

পরিধি মনে রাখি—

গুলির শব্দে উড়ে যায়

এক ঝাঁক পাখি

নতুন বাতাসে।

Hubble টেলিস্কোপ দিয়ে 

সম্প্রতি দেখা গেছে 

নতুন এক গ্যালাক্সি

মিল্কিওয়ের চেয়ে প্রায় 2½ গুণ বড়।

অথচ মানুষ

ছোট হয়ে আসছে ক্রমশ।

দ্রাঘিমা আর অক্ষাংশের মাঝামাঝি 

ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে 

একা পড়ে থাকে পিতৃবিয়োগ 

অথবা সন্তানসুখ।

ম্যানহোলের মতো অন্ধকার পৃথিবীতে

জিরাফের গলার মতো নির্জন

আমাদের বেঁচে থাকা।

তীব্র বিস্ফোরণের পূর্বাভাস

ভালোবাসা

তুমি কোথায় 

নর্থের বাইপাসে

কোন পাঁচতারা হোটেলে 

ঢুকে বসে আছ?

কোন ব্রথেলের জানালায় 

উঁকি মারছ?

এতদিনে জেনে গেছি ঠিক 

পৃথিবীটা শুধু সামরিক

1 Comment

Leave a Reply to এই সংখ্যা – Kokshopoth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *