Email: info@kokshopoth.com
May 23, 2026
Kokshopoth

গুচ্ছ কবিতাঃ বন্যা বন্দ্যোপাধ্যায়

May 22, 2026

গুচ্ছ কবিতাঃ বন্যা বন্দ্যোপাধ্যায়

হাওড়া নরসিংহ দত্ত কলেজ থেকে

স্নাতক। বৈবাহিক সূত্রে নদীয়ার 

 শান্তিপুর শহরের বাসিন্দা।

কবিতা, গল্প লেখা ও পড়া একটা একটি স্বস্তির

 জায়গা।

পেশায় হোমমেকার।

#১

আড়াল

 

তুমি বলেছিলে আমি

 এখনো প্রাগৈতিহাসিক যুগেই পড়ে আছি।  আমিও দেখেছি ঠিক মত স্মার্ট হতে পারিনি! এখনও ভেজা ব্রা 

আড়াল করে মেলি।ঋতুমতী হলে মন্দির ছুঁই না। বলেছি দেহজ প্রেমে এখনো অপ্রস্তুত। বলিনি

গোপন অসুখে রোমন্থিত বহুবার।

এ বড় পাপ! এ বড় পূণ্য। 

আজ আমার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।

 

#২

 ক্যাকটাস

 কতদিন ভালোবাসার আগুনে পোড়ায়নি কেউ। সেই কবে থেকে ঝরে যাচ্ছে মুষলধার। ভিজে সপসপে হয়ে আছে আমার সমস্ত আকুতি, সমস্ত সঞ্চয়। তোমার অপেক্ষায় কেটে গেছে চৈত্র সর্বনাশের বেলা। তা হোক। না থাক জলসাঘরের রোশনাই। অবেলার ছন্দেই না হয় বাঁধা হবে গান। বেলা শেষের রঙেই না হয় ঠিকানা মিলে যাবে!

বড় ভেজাল চারিদিকে। নীচু হয়ে আসছে আকাশ!! মাথার ওপরে মেঘের মিছিল। কি ভীষণ

নি:স্ব হতে চাই। শুধু একবার। আর দেরী করোনা। সময় যে হিসেব কষছে। প্রতিটা মুহূর্ত বড় মূল্যবান।

 

#৩

ম্যানহোল

 

আপনি আমাকে ফলো করছেন স্যার।

তাই ওরাও।

আমার ফলোয়ার্স বাড়ছে। ক্রমশ আমি ইশারা

হয়ে উঠছি ওদের।

আমার ছাপোষা বাজারের ব্যাগ ভরে যাচ্ছে 

বাড়ন্ত সংসারের ফর্দে।

নির্বিকার হতে পারছি না আমি!

পাপ ও ঘেন্নার রঙে সেজে নিয়েছে প্রতিটি বেড কভার।

স্যোশাল মিডিয়া তোলপাড় করে হয়ে উঠছি এক অসামান্য অহংকার।

চিৎকার করছি না।

কথা বলছি না।

রান্নাঘরের দিকে বাড়িয়ে দিচ্ছি রুপোলি ইলিশ

টাটকা সবজি।

দড়ি টানাটানি খেলায় আমরা এখন মুখোমুখি।

নিয়মিত অক্ষর হয়ে উঠছে আমার প্রোফাইল।।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *