Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

এক গুচ্ছ কবিতাঃ বিজয় সিংহ

Oct 31, 2025

এক গুচ্ছ কবিতাঃ বিজয় সিংহ

জামশেদপুরে জন্ম। অধ্যাপনা করেছেন হাবরা শ্রীচৈতন্য কলেজ এবং শিবনাথ শাস্ত্রী কলেজে। গবেষণা করেছেন সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা নিয়ে। ৮০ দশক থেকে কবিতা লিখছেন। মোট কাব্যগ্রন্থের সংখ্যা ১৪ ।পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার, কবি করুণানিধান স্মৃতি পুরস্কার ইত্যাদি। মুম্বাইয়ের হিন্দি একাডেমি রাষ্ট্রীয় কবির সম্মান দিয়েছে।

#১

সন্ধিপর্ব

 

তব ধ্বনিমাধুর্যে বসতি নিয়েই

ঠারেঠোরে কথা বলেছে ছায়ারা

ছায়াদের নিক্কন ছিল না

নিক্কনের মধ্যকার গুপ্ত খুলে মিশ্ররাগ

বিস্মিত তাকায়, দেখে

রাত্রিকালীন শৈলীর স্নান

 

মাধুর্যহীন দু স্তবকের এ কবিতা

শব্দকেই ব্রহ্ম জেনে

এমন নৈঃশব্দে গেছে

যেখানে মাত্রা হারানো বৃষ্টি চুরমার ঘটায়

যেখানে চুরমার চূর্ণ ধ্বনিদের

আত্মহত্যাগামী করে আর

সারি সারি রক্তমাখা ইমেজারি

তোমার অসীমে, হায়, পরিত্রাণহীন দুলে ওঠে

 

#২

রেবা মুহুরীর গান 

 

জায়মান ও জাগ্রত, আমি অন্ধের 

শিখাটি হয়ে তোমাদের তাপিত করেছি, হায়, 

বুনোফুল নুয়ে পড়ে বেখুদি পাহাড়ে 

হাতির শুঁড়ের মতো অতিকায় 

ছায়া হয়ে ছন্ন হয়ে দ্রুত সরে যায় 

 

আমার ভাষার মধ্যে মৃত্যুবীজ ছড়ায় যে 

পুরনারীর লৌকিক, তাকে নিয়ে 

দলমা টু আরিফ রোড.. এইটুকু পাড়ি 

দিয়েছি, নিশ্চিত কত অনিশ্চয় দিয়ে 

চলে গেছে অগমের পার, আনাড়ির

 

চোখের উপর দৃশ্য দৃশ্যাতীতে ফেরে, তার 

বিমুর্ত ক্ষতের মধ্যে বিন্দু বিন্দু ঘাতে

জেগে ওঠে গেরস্থালি, অতিশয় রাতে 

গৃহ মধ্যে ঢুকে পড়ে বাড়ি 

বাড়ির ভিতরে ঘর, ভাষার ভিতরে উপভাষা 

জিভে নামে, বিশ্বজোড়া প্রবাসী আষাঢ়

 

কম্পমান হয়ে বলে, তুমিই কি শিখার 

অন্ধ হয়ে সুশ্রী রেবা মুহুরীর অসম্ভব গানে 

 না-স্পর্শেও ছিঁড়ে গিয়েছিলে?

সেইসব জ্বলমান.. সেইসব বেদনার ভার

 

#৩

মিশ্রবৃত্ত 

 

দাউ দাউ বিমানের তলপেট থেকে বেরিয়েছে 

ডানাওয়ালা পোড়া মানুষেরা 

এবং নিষিদ্ধ হলে আপৎকালীন বাদ্য হয়েছে ফেরার 

কাঁটাতারে লতানো মুকুল ও শহর 

আয়না দিয়ে ঘেরা 

 

আগুনের নাড়িছাড়া গান 

এতটাই ফিজিক্যাল এতটা পেগান

ডানাহীন মানুষের ভয়ভীত চারু চক্রবাক 

গদ্যময়ে ক্রমাগত; ভ্রমের জাতক 

 

পাশ্চাত্যে সুদূরতর ছড়িয়ে গিয়েছে 

প্রাচ্যময় হে সংশয়, তোমার সংকেত 

অগ্রাহ্য করেছে বলে কাচের দাওয়ায় মায়ে-ঝিয়ে 

শলা করে: তিনি কি আছেন না তাঁর অথর্ব বেদই 

 

বর্তমান? গিটারের টুংটাং পাখিরা শিখেছে, তারা 

পুষ্পলাবী মেয়েদের শুনিয়েছে, তাহাদের  

ছায়া ঘেরা রতিশূন্য মুখ 

রাশি রাশি ভারা ভারা

কাটা ধান ট্রাকভর্তি ফেরে, সঙ্গে জাপানি অসুখ

 

অসুখের নীতি পাঠে আখাম্বা শরীর দোলে

বোঝেনি বঙ্গাল

মিশ্রবৃত্ত দুলে ওঠে সিদ্ধকাম জলের কঙ্কালে

 

 

#৪

গোঁসাই বাগান

 

গোঁসাই বাগানে লাল মরুমের পথ

বাঁক নিতে দেখেছিলে

আর রেশম পথের প্রান্তে দেবীদের

চূর্ণ অঙ্গবাস

 

যেটুকু ঐহিক, সে তো দেবীদের দু মুঠোয়

দানাশস্য হতে গিয়ে হারিয়ে গিয়েছে

যত কিছু পারলৌকিক, দিয়েছে

বরফ কলের নীরবতা

 

নীরবতা সেই ভুলভুলাইয়া, যেখানে

একবার ঢুকলে আর বেরোনো যায় না হেতু

ট্রাজেডি আমাকে সুরে অনিশ্চিত বেঁধে

অস্পৃশ্য করেছে

 

ভুতুম, তোমার তন্ত্রে

ফোটা করবীর রহস্যসূত্রাদি

যে উদ্ধার করেছিল

সে আমারই পূর্বজন্মের আত্মন

 

ঐহিক ও পারলৌকিকের মধ্যবর্তী স্থানে

অর্ধডোবা আমি

তাকে প্রণম্য মেনেছি

2 Comments

  • […] এক গুচ্ছ কবিতাঃ বিজয় সিংহ […]

    • সংক্ষেপিত আধারে / মহাকালিক কথা

Leave a Reply to এই সংখ্যা – Kokshopoth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *