জন্ম, ১৯৯১। বেড়ে ওঠা নরসিংদীতে। তিনি সাহিত্য ম্যাগাজিন অর্বাকের একজন নিয়মিত কবি ও লেখক। তার প্রকাশিত কাব্য গ্রন্থ দুইটি। প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ, এভাবে জল বাড়তে থাকলে আমি মিথ্যেবাদী হয়ে যাবো। প্রকাশকাল ২০১৮ সাল,অর্বাক প্রকাশনি। এবং ২য় কাব্যগ্রন্থ, মৃত্যুস্মৃতি নিয়ে চা-আলাপ। প্রকাশকাল ২০২৫, বৈতরনী প্রকাশনী।
১
সামুদ্রিক মাছ
ঘড়ি যখন দুপুরের কাছাকাছি, কাওরানবাজারে রোদের গোসসা বাড়ে দুই গুণ। সেকি হাটের সবুজ বোঁটাওয়ালা বেগুন? থলের ভোজভাজি কেটলির মৃদু বলকের মতো মগজে ফোটে মূদ্রাস্ফীতি। রুপচান্দা মাছের ফকফকা আলোয় , একটা ঝুলে থাকা দেশের মানচিত্র আঁকি! টিসিবির গাড়িটার পেছনে দৌড়াইতে থাকা কাউরে ডেকে জিজ্ঞেস করতে মন চায়,মাছের সোয়াদ মানুষের ঘামের থেকেও নোনতা নাকি!
২
শাহবাগ
আমরা বসে থাকবো শান্ত রাস্তায় ইল মাছের শরীর নিয়ে শীতের ভেতর- ঢুকে যাবো রোদ হয়ে চত্ত্বরে গাছের ছায়ারা সরে যাবে আমরা নিজেরাই হয়ে উঠোবো এক একদিন অশথ শ্বাসমূল থেকেও গভীরে যার শেকড়। লাশের কাছে জানতে চাইবো আততায়ীর নাম- আমাদের, একটা দেশের মতো উলটো ঝুলিয়ে দিও ছবিরহাটে বসন্তের ছল নয় যেনো, সকলের গায়ে সকল গেরস্থালী ভরে না ছাপোষা বিপ্লবে। হয়তো ফিরে আসবে আবার আবাবিল ঝাক পাথর ঘষে বানাবে ম্যুরাল বিলম্বিত পায়ে হেঁটে যাবে যতদূর শাহবাগ…