Email: editors.kokshopoth@gmail.com
September 17, 2026
Kokshopoth

গুচ্ছ কবিতাঃ অর্হণ জানা

Mar 6, 2026

গুচ্ছ কবিতাঃ অর্হণ জানা

জন্ম-২০০৬। বর্তমান নিবাস বড়জাগুলি, নদিয়া। ছোট থেকেই লেখালেখি— গান, গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকুমার রায় প্রথম অনুপ্রেরণা।  এযাবৎ বেশ কিছু পত্রপত্রিকা এবং সংকলন গ্রন্থে তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, গল্প আর ছড়া প্রকাশিত হয়েছে।

 

তোমার পা

জুতোবিক্রেতার মতো চেয়ে থাকি 

মেয়েদের পায়ের দিকে 

এতো সুন্দর পা ফেলে তারা হাঁটে বলেই 

চারিপাশ এত সুন্দর হয়ে ওঠে 

তাদের পাদস্পর্শে ধন্য হয় ধুলো

এতো এতো পায়ের দিকে তাকিয়ে 

দেবীর মতো তোমার চরণপদ্মের 

                               কথা মনে পড়ে যায়—

অমন পা ফেলে তুমি আজ কার পথে 

                                                হাঁটো?

চরিত্রেরা চলে গেছে

 

চরিত্রেরা চলে গেছে

পড়ে আছে নিষ্প্রাণ মুহূর্ত

শূন্য ঘর          

খোলা জানালা

ভাঙাচোরা আসবাবপত্র

শুকনো বাতাস ―

আর কিছু নয়

নিস্তব্ধ বিকেলের দিকে ঘুরে যায়

মানুষের শব্দ

মানুষের কান্না এদিক ওদিক

এখানে খিলান নেই

খিলানের উপরে আকাশ নেই

আকাশে পাক খেতে খেতে

এখানে উড়ে যায় না শঙ্খচিল

পুবের জানালা দিয়ে

এখানে লুটোপুটি খায় না সকালের মিষ্টি রোদ্দুর

কিচ্ছুক্ষণ আগেই ওরা ছিল

কোলাহলময় শিশুরা ছিল, ছিল ভাঙা খেলনা,

সুন্দর কিছু মুহূর্ত ছিল ―

এক বেগবান গতিময়তাকে রূপ দিতে গিয়ে

চরিত্রেরা চলে গেছে

পড়ে আছে নিষ্প্রাণ মুহূর্ত

নিরবধি কাল…

 

গাছ কিন্তু জানে

গাছের কত গুণ—

গাছ কি জানে?

আমরা কি জানি

গাছ আমাদের মাতা 

গাছ আমাদের পিতা

গাছ আমাদের দুধের শিশু? 

 

রাম কৃষ্ণ বুদ্ধ যীশু হজরত 

এদের কথা না বললেও 

আমরা বলি একটি গাছ একটি প্রাণ।

 

আশ্চর্য এই, গাছ কিন্তু জানে 

আমরা নিধন ভালবাসি।

 

 

 

 

কীভাবে দিন কাটবে আমার

 

কীভাবে দিন কাটবে আমার

          জানি না কোন গাছের তলায়

জানি না কোন ভিক্ষা শেষের 

          গান ধরব খালি গলায়

তেমন কিছুই নেই তো আমার 

          যা দিয়ে সব জানতে পারি 

ভ্রমর আমার রাতের বাগান 

          শিউলি ঝরা আমার বাড়ি

কিন্তু আমি তোমায় দেখি 

          লতায়-পাতায়, ও সাবধানী

কীভাবে দিন কাটবে আমার 

          জানি না আর হয়তো জানি

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *