Email: editors.kokshopoth@gmail.com
September 17, 2026
Kokshopoth

কবিতাঃ অনু ইসলাম

Mar 6, 2026

কবিতাঃ অনু ইসলাম

অনু ইসলাম৷ জন্ম: নয়াগাঁও পূর্বপাড়া, পঞ্চসার, মুন্সীগঞ্জ বাংলাদেশ৷ অনু ইসলাম একাধারে একজন কবি, প্রাবন্ধিক, সম্পাদক, আলোকচিত্রী এবং সাহিত্য সংগঠক৷ প্রকাশিত কবিতাগ্রন্থ— ৪ টি৷ প্রবন্ধগ্রন্থ— ১ টি৷ সম্পাদনা গ্রন্থ— ১টি৷
আলোকচিত্রগ্রন্থ— ১টি৷
সহযোগী সম্পাদক সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’৷
অন্যতম প্রতিষ্ঠাতা, কবি পরিষদ, মুন্সীগঞ্জ, বাংলাদেশ৷
সাহিত্য সম্পাদক দৈনিক মুন্সীগঞ্জের সময়, বাংলাদেশ৷


সারা অঙ্গ জুড়ে সবুজ-ঘাসের জামা
বুকের মধ্যে— রক্তাক্ত ‘৭১

কার মুখ; কার মুখ— উড়ছে
সেতো তুমি
জননী, জন্মভূমি; প্রেয়সী—
যে নামে ডাকি
সেতো তুমি— বাংলাদেশ৷

একটা সোনালি স্বপ্ন উড়ছে— দিগ্বিদিক
সাথে নিয়ে বায়ান্ন-স্মৃতি

অ-আ-ক-খ সমুদয় বর্ণাক্ষরগুলো ভাসছে
স্বপ্নে—বাস্তবে৷

প্রিয় শব্দ তুমি— তোমাকে লিখে চলেছি
গহিনে নিরন্তর; একটি শব্দ — বাংলাদেশ৷


শ্যামলরঙের রূপ

(কবি মাহমুদ দারবিশ এর ‘ফিলিস্তিনের হে প্রেমময়ী’ কবিতার অনুপ্রেরণায়)

চোখ দুটি তোমার বাংলাদেশি
বাংলাদেশ তোমার নাম—

আনন্দ ও বেদনা সেও তোমার বাংলাদেশি
বাংলাদেশি দীর্ঘ-ঘনচুল; কোমল দুই-পা এবং শরীর অনুপম
তোমার মুখের কথা ও নিরবতা সেও বাংলাদেশি

কণ্ঠের স্বরধ্বনি কিংবা হুংকার সেও তোমার বাংলাদেশি
জন্ম ও মৃত্যু সেও তোমার বাংলাদেশি৷

নিঃসঙ্গ সময়ে বেঁচে থাকা এক শ্যামল স্নিগ্ধ ছায়ারূপ
সেও তোমার বাংলাদেশি

আহা— তুমি এমন এক শ্যামলরঙের রূপ৷




চাবি

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটি সংসার
আঁচল বিছিয়ে আছো!
আঁচলে সংসারের চাবিটা কোথায়?
হারিয়ে ফেলেছো; না নিয়ে গেছে লুটেরার দল

এলোমেলো সংসারে বড্ড বেমানান লাগে তোমায়

এই সংসারের চাবি এখন কিন্তু তোমার আঁচলেই মানায়!
ভুলে যেওনা এই চাবি মানেই—
‘৫২, ‘৬৯ কিংবা ‘৭১
অথবা বিনির্মিত একটি বাংলাদেশ৷

আঁচলের গোছা থেকে চাবিগুলো ছড়িয়ে পড়ে আছে
এক একটা চাবি
আর্তনাদে লাফাচ্ছে যেন কই মাছ!

জহির রায়হানের—
‘জীবন থেকে নেয়া’-র কথা ভাবছি!

1 Comment

  • An fascinating discussion is value comment. I think that it is best to write more on this matter, it may not be a taboo subject but generally persons are not sufficient to speak on such topics. To the next. Cheers

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *