Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

সৌম্যদ্বীপ চক্রবর্তী-র গুচ্ছ কবিতা

Oct 16, 2025

সৌম্যদ্বীপ চক্রবর্তী-র গুচ্ছ কবিতা

জন্ম সোদপুরে, বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যের স্নাতক, সাথে ফরাসি ভাষায় ডিপ্লোমা। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। কবিতা প্রকাশিত হয়েছে আবহমান, চার নম্বর প্ল্যাটফর্ম, আবার বিজল্প, কবিতাপাক্ষিক ও তিস্তাগুড়ি সহ বেশ কিছু পত্রিকায়। পছন্দের বিষয় গান, সিনেমা এবং ফুটবল, সবচেয়ে পছন্দের কাজ একলা ঘরে পাইচারি করা। 

ঝুল

 

ফ্যানটা চলছে না আজ তিনদিন 

এরমধ্যে রাজুকে একবারও ফোনে পাইনি

 

কাল বিকেলে হঠাৎ ওঁর ছেলেকে দেখলাম 

মাঠের পাশে দাঁড়িয়ে

গায়ে ধড়া

 

অনেকটা দূরে ছিলাম তাই আর ডাক দিইনি 

 

এতদিন বন্ধ বলে আজ খেয়াল হলো

ফ্যানের ব্লেডে কত ঝুল

 

ফ্যান

 

আমরা যে কটা দিন একসাথে ঘুরে বেড়িয়েছি

তার চেয়ে অনেক বেশি দিন এই ফ্যানটা ঘুরেছে

 

তোকে নামিয়ে আনার পর থেকে

 

দরজা

 

ওঁকে পাওয়া গেছিল ওঁর ঘরেই

 

কাগজের টুকরোয় নয় 

দেওয়ালে ছোট করে লেখা ছিল

 

“তোমাদের সব হয়ে গেলে 

যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যেও…”

 

বিস্মৃতি

 

খালি পায়ে হাঁটার অভ্যেস চলে গেছে বহুদিন

তাই ভুলে গেছি

 

তোমার বুকে মুখ ডুবিয়ে থাকা কেমন ছিল

2 Comments

  • দারুন কাজ। চালিয়ে যান বন্ধু।

  • খুবই ভালো লেখা

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *