Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

ওবায়েদ আকাশ-এর দুটি কবিতা

Jan 24, 2025

ওবায়েদ আকাশ-এর দুটি কবিতা

সমকালীন বাংলা সাহিত্যের এবং গত শতকের নয়ের দশকের এক শক্তিমান কবি। জন্ম ১৯৭৩; বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। অ্যাকাডেমিক পড়াশোনাঃ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাকোত্তর। গণমাধ্যমে কর্মরত। বর্তমান কর্মস্থল দৈনিক সংবাদ, ঢাকা।
প্রকাশিত গ্রন্থ সংখ্যাঃ কবিতা, অনুবাদ, গল্প, প্রবন্ধ, সম্পাদনা মিলিয়ে ৪৭ টি। মৌলিক কাব্যগ্রন্থ ২৭টি।
পুরস্কারঃ এইচএসবিসি-কালিকলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০০৮); কলকাতা লিটল ম্যাগাজিন ও গবেষণা কেন্দ্র পুরস্কার (২০০৯); সংহতি লিটারারি সোসাইটি লন্ডন এর বিশেষ সম্মাননা (২০১২)। কলকাতা থেকে ঐহিক মৈত্রী সম্মাননা পদক (২০১৬); বাংলাদেশ শিল্পকলা আকাদমি লিটল ম্যাগাজিন পুরস্কার (২০২২)।

যে গাঁয়ে সবাই রাজা

লাটিম নিয়ে খেলতে গিয়ে

পরাজয় থেকে আঁকতে শিখেছি বাঘ

 

অথচ কোনোদিন বাঘ বাঘ খেলিনি আমরা

 

আমাদের প্রহরা থাকত সুলতানপুর

ডালিমের মতো ভোর, মানুষে মানুষে মায়াবী প্রহর

 

ময়রা পট্টির সন্দেশ বিকোবার ঠোঙায়

সুদৃশ্য ভরাট শূন্য আঁকা ছিল—

 

গাড়োয়ানের শৈশবের খাতায় শূন্য দেখে

ঘরে ফিরে এঁকে ফেলি বিকল্প চাবুক

 

অথচ ঘোড়া ও চাবুক কোনোদিন খেলিনি আমরা

 

কত কী খেলে গেছি ‘প্রযত্নে : সুলতানপুর’ লিখে!

অনর্গল ফুটফাট, নামে-ধর্মে কত কী কাটাকুটি ছিল!

 

অথচ কাটাকুটি জুড়ে রক্তপাত ছিল না কোথাও

 

কী ভীষণ রাজায় রাজায় যুদ্ধ করেছি

অথচ সুলতানপুরের সিংহাসন

           কখনো রাজার প্রয়োজনে ছিল না

ছায়াচর্যাকারী

যারা জলে নেমেছিল

তারা প্রত্যেকেই এক একটি প্রত্যাশিত মাছ কিংবা

ঝিনুক প্রবাল কুড়িয়ে ফিরে এসেছে—

 

শিকারের মুখে লেগে আছে মাতৃভাষার ঘ্রাণ এবং

দেহজুড়ে বিপুল অনুকল্পনা

 

প্রতিটি শিকারী এতটাই অন্ধ ও বধির যে

তারা বোঝে না কারো মাতৃভাষা এবং

বিপরীতে ভেঙে খান খান করে মহাকল্পনা—

 

কোনো কোনো ছায়াশিকারীর দল

আজকাল সুলতানপুরে আসে—

অবারিত বৃক্ষ সকাশে নিবেদন করে শিকারের ভাষা

 

আর আমি পতঙ্গ হয়ে শিকারীর লালসা ধরে টানি

নাক মুখ গোপন প্রত্যঙ্গে নখ বসিয়ে বলি:

যতদিন বেঁচে আছি— এমন পতঙ্গ আমি

রাত্রিদিন থেকে যাবো এ গাঁয়ের ছায়াচর্যাকারী