Email: editors.kokshopoth@gmail.com
November 20, 2026
Kokshopoth

মৃন্ময় চক্রবর্তী-র কবিতাগুচ্ছ

Nov 20, 2026

মৃন্ময় চক্রবর্তী-র কবিতাগুচ্ছ

কবিতায় ছন্নছাড়াভাবে তিন দশকের বিচরণ। প্রকাশিত কবিতাগ্রন্থের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ‘পুতুলগুলো পোড়ামাটির‘ (২০২০), ‘রাত্রিশিখা নাচো‘ (২০২২), ‘আনন্দবৈরাগী‘ (২০২৫)। কবিতার পাশাপাশি সামান্য যে গদ্যসাধনা, তা সংকলিত হয়েছে ‘যে দেশে ভাঁটফুল‘ (২০২২), ‘কানে বাজে জলের খঞ্জনি‘ (২০২৪) এবং ‘মাটির লন্ঠন‘ 

(২০২৫) গদ্যগ্রন্থে। 

কবিতার জন্য মিলেছে ‘এপার–ওপার সাহিত্য সম্মান ২০১৮‘। 

 

১

।। আদিবৈদিক ।।

কী তুমুল শঙ্খ, যেন বাজালেই যুদ্ধ বেধে যাবে;
বেলাভূমিজুড়ে আলো হয়ে আছে।
আমি যুদ্ধভীরু লোক, শল্যচিকিৎসায় ভরসা করি না,
সর্দিকাশি হলে আয়ুর্বেদ পড়ি।
বেদে সব কিছু লেখা আছে : নাস্তিক্য, সংশয়।
সংশয় ছাড়া সব শাস্ত্র বৃথা।
আমি শাঁখের বৃন্তে ফুঁ দেব, নিঃশব্দে পায়রা ওড়াব
জলতরঙ্গ গড়িয়ে নামবে পাহাড়ে পাহাড়ে
সব ক্লান্ত-যুদ্ধ থেমে যাবে।

 

২

।। বিতংস ।।

পাতা ঝরার দিনে রোদ খুবই গণতান্ত্রিক হয়ে এল,
পাখি থেকে ধুলো, সবাই বাতাসি সভায় গলা তুলছে।
জামার বোতাম গলে চোখের পাতায় আলো পড়লে
আমিও দেখছি লালে লাল দুনিয়া,
কোথাও এতটুকু ফাঁক নেই।
পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গাছে গাছে প্রস্তুত হচ্ছে রস,
কিছুদিন পর ফাল্গুন এসে খুলে দেবে ফুলের কমিউন।
তারপর, চৈত্র যেই পেরোবে,
অমনি সূর্য বলবে, আমাকে মানো।
তার হাতে-ধরা চাবুক দেখার আশঙ্কায়
আবার ছোটো হয়ে আসবে রাতগুলো।

 

৩

।। যত দোষ অন্ধকার ।।

আগুন দিয়ে জনপদ পোড়ানো কাহিনিকে
ঐতিহাসিক অন্ধকার যুগ বলে থাকেন।
রাস্তায় রাস্তায় আলো জ্বেলে বেড়ানো
রাতকানা সঞ্জয়কে আমি কী বলব?
দৃষ্টি ছাড়াই তো কেঁচো মাটিকে সক্ষম করে তোলে।
কথায় কথায় অন্ধকারকে দোষ দেওয়া কি কোনো বর্ণবাদ?
সে তো তারা ফোটার চাঁদোয়া বিছিয়ে দেয় আকাশে,
জোনাকিদের দেয় ঘড়বাড়ি, কবিদের আশ্রয়;
সোনা ও পিতলকে একই ছায়ার ভেতর সমার্থক করে তোলে।
অন্ধ ঐতিহাসিক দেখতেই পান না যে,
সভ্য মশালের শিখা-ই ঘর পোড়ায়,
তরবারিতে শান দেয় রক্তাভ আগুন,
গোলার উজ্জ্বল আলোই ধ্বংস করে অজস্র নগরী;
আমরা শুধু চেঁচিয়ে উঠে অভিযুক্ত করি অন্ধকার!

 

 

 

 

৪

।। হিম আগুনের ছায়া ।।

জানালার ওপারে মানুষ পোড়ানো হচ্ছে,
আমি চমকে উঠে আয়নার দিকে তাকালাম…
আমার অক্ষরগুলো আগুনের ভাষা পাচ্ছে না,
চিত্রকর তোমার ছবিতেও কি হিম ধরেছে?
এত শীত আর ভয়ার্ত দর্পণ আমি কখনো দেখিনি
আগুনের ঠান্ডা ছায়ায়, সব ত্রস্ত হয়ে আছে!

 

৫

।।  সত্য গোপনকারী, ধর্মাবতার ।।

পৌষের রোদে পিঠ দেওয়া কবিতার দিকে
আমি ছুড়ে দিয়েছি পোড়া ঘরবাড়ি।
শান্তির ছায়া লম্বা হয়ে পড়েছে রাস্তায়..
দিবানিদ্রা ঠেলে বিরক্ত নগর এবার আমার দিকেই তাকাবে।
কিন্তু আমি তো সত্য গোপনকারী
ধর্মাবতার, তোমার উদ্যত ছুরি দেখে কিচ্ছু বলিনি!
ভেতরে যে কুণ্ডলী পাকিয়ে আছে, তার নাম করিনি একটি বার,
ঝাঁপির কারুকাজ দেখে তাকে ঘরোয়া করেছি।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *