Email: info@kokshopoth.com
February 18, 2026
Kokshopoth

রেখা আক্তার-এর ২ টি কবিতা

Feb 13, 2026

রেখা আক্তার-এর ২ টি কবিতা

সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল।

#১

ধৃষ্টতা

কী অদ্ভুত নিয়ম গড়েছো তোমরা !
প্রসঙ্গটা আমার অথচ ইরেজার হাতে কী ভয়ংকর ভাবে তেড়ে আসো,
নির্লজ্জ ধৃষ্টতায় অকপটে কেটে দিতে চাও আয়ুরেখা!
এখনও রদ খোলার চিরল বিরল চাম্বুল গাছের নিচে মেলা বসে!
গুনগুন রব ওঠে ক্রন্দনের খুব!
পানকৌড়ি ছক্কা পাঞ্জার গুটি চালে নিঃস্ব অবেলায়।
ক্ষয়ে যাওয়া দীর্ঘশ্বাসটা এখনও ঝুলছে বাতাসের কার্নিসে
অথচ চুম্বনের ঘ্রাণ শুকে শুকে টিকটিকিটা খাড়া পাহাড় উঠেই গেল!
এইযে অনাদুরে মেঝেতে শুয়ে আছে  স্যাতস্যাতে আঁধার
দূরে জন্ডিস আলোয় অদ্ভুত নৃত্যরত ছায়া অঙ্গুলি!
এদের সাথে আমার আজন্ম বোঝাপড়া চলতে থাকবে
কেউ আছো মধ্যস্ততা করবার, দ্বন্দ্ব মেটাবার?

#২
ঘ্রাণ

বুকের তানপুরায় তীর ছুঁয়ে দিই, ধনুক ভাঙা বেদনা কেঁদে ওঠে!
ডুকরে কেঁদে ওঠে আদুরে আঙুল।
হুহু কেঁদে ওঠে মানব জনম!
তোমার ভাঁজ খোল ওহে নৈবেদ্যের তালতমাল,
আনন্দ অতীত চারিনী অর্বাচীনের শিকলবন্দী!
খাপখোলা তলোয়ারে ঔদ্ধত্য তোমার নির্লজ্জ লিপ্সা ।
কাটাকম্পাস থেমে গেছে সম্পাদ্যের আগল ভেঙেছে আগন্তুক!
বাড়ির বুড়ো বটগাছে, রোজ সন্ধ্যায় শকুনের মেলা বসে।
পালকহারা পাখি আঁকিবুঁকির খাতায় আঁকছে
সনেটের ঘ্রাণ।
চাঁদের কিরণে নেচে ওঠে  কলঙ্কের কঙ্কাল!
স্নিগ্ধতা মুছে গেলে পড়ে থাকে ফ্যাকাসে জোছনা
হে লুভর মিউজিয়াম, তুমি কী পারো না
পাঁজরের হাহাকারে  ঢেলে দিতে মমের আদল  ??
এসো কোলাজ করো সমস্ত বেদনা অধুনার,
আঁকো মনুষ্য জন্মের ব্যর্থ বদান্যতার ঘ্রাণ ।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *