Email: info@kokshopoth.com
February 1, 2026
Kokshopoth

বেবী সাউ

Aug 15, 2025

বেবী সাউ

কামসূত্র

 

১. মঙ্গলাচরণ

প্রেমের ভেতর হাঁটতে শুরু করলে

সহজ হয়ে ওঠে সময়

 

প্রতিটি মুহূর্ত সুন্দর

প্রতিটি শব্দ ধ্বনিময়

 

এযাবতকাল জমে থাকা

ঈর্ষা এবং দ্বেষ ভেঙে

কাছে এসেছে সে

 

ঠিকানাবিহীন আমি

তাকেই ঠিকানা ভেবে

শান্ত চিঠি লিখি…

 

২. আলিঙ্গন

 

বিপ্লব যখন এসেছিল

আলো এবং অন্ধকারের মধ্যিখানে

রচিত গোধূলি এক

 

তার পায়ের দিকে তাকিয়ে

চোখ উঠে যাচ্ছিল উপরে

 

দৃষ্টি এবং দৃশ্য

দৃশ্য এবং দৃষ্টি

দ্রুত জড়াও বন্ধনে

 

আর

 

সমস্ত আড়াল ভেঙে

একেকটি পর্ব, পৃষ্ঠা

শিখেছিল তোমাকেই

 

 

৩. অপেক্ষা

 

চুপচাপ বসে আছি

অনন্ত এবং নিরন্তর কাল

 

সময় গড়ায়

গতিটি প্রবল

 

ধীরে ধীরে ঠোঁটে তৃষ্ণা গাঢ় হয়

অধরের দাগ দেখে

হেসে ওঠে বসন্ত কোকিল

 

 

৪. অভিসার

 

আলো ভেবে

ডানা মেলি

ছুটে যাই

 

অবুঝের কাছে

 

আগুনেই ঝাঁপ দেয় সরল জীবন

 

ঝড় বাদলের দিন

জোছনা মায়াবী

কাঁটা ফোটে

মনে মনে বিরহ যাতনা

 

আকাঙ্ক্ষার মন তাকে

ঈশ্বর ভেবেছে

 

৫. স্বপ্নদর্শন

 

হালকা আলোয়

আরও মায়াবী ছিল মুহূর্ত

 

ঠোঁটে ভরে ওঠা মৃদু হাসি

চোখ ভর্তি ঘুম

 

হালকা শ্বাসের শব্দ

গভীর ঘুমের ভেতর হেঁটে যাচ্ছ

 

অথচ দেখছিলাম তাকে

সারারাত

বিনিদ্র চোখে

1 Comment

  • কবিতাগুলি কয়েকবার পড়লাম। অল্প কথায় অনেক বেশি কথা। শুভেচ্ছা। মঙ্গল হোক।

লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *