Email: editors.kokshopoth@gmail.com
November 2, 2026
Kokshopoth

কৌশিক সেন-এর কবিতা সিরিজ ( A poem series by Kaushik Sen)

May 9, 2025

কৌশিক সেন-এর কবিতা সিরিজ ( A poem series by Kaushik Sen)

প্রায় একুশ বছর দিল্লিপ্রবাসী, জন্ম ও বেড়ে ওঠা বহরমপুর শহরে। কর্মসূত্রে কেন্দ্রীয় সরকারী আধিকারিক হলেও ধর্মসূত্রে ও মর্মসূত্রে পরিচয় কবি, একান্তভাবেই।

 

উত্তর চল্লিশের কবি তাই কবিতাকেই জীবনদর্শন হিসেবে বিশ্বাস করেন।

যুদ্ধবন্দীর ডায়েরি থেকে

 -৪

 

দুদিন ধরে খেতে দেয়নি বলে

দেয়ালের পলেস্তারা খুলে খাচ্ছিলাম,

এক রক্ষী ছুঁড়ে দিয়েছিল একটুকরো মাছ।

 

ঝাঁপিয়ে পড়লাম মাছটার ওপর

কামড় দিলাম,

বুঝলাম, মুখের ভিতর ওটা মাছ নয়

গাজা স্ট্রিপ!

 

– ৩

 

একবার ইন্টারগেশান চেম্বারে

রড ঢুকিয়ে দিয়েছিল পায়ুছিদ্রে,

বল্ হারামজাদা, শান্তি চাস্ কিনা!

 

চাই বৈকি স্যার! শুধু রডের বদলে

উদ্ধত, মোলায়েম কিছু একটা গুঁজে দিন

ওই শীতলতায়! 

 

– ২

 

আরেকবার ছটফট করছিলাম খিদেতে

ছুঁড়ে দিয়েছিল একথালা কাঁকড়চালের ভাত

কিলবিল করে উঠেছিল পোকারা! 

 

পোকাদের মুখেই শুনেছিলাম,

পাশের সেলে মলয় রায়চৌধুরী

এখনও জীবিত আছেন।

 

– ১

 

একবার আলো জ্বলে উঠেছিল, এক চিলতে

চোখ ধাঁধিয়ে গেছিল

ভেবেছিলাম, অন্য কোনো অন্ধকার

 

রক্ষীর কাছে শুনেছিলাম

ওটা আলো নয়, দাবানল

এখনও ধিকিধিকি জ্বলছে…

 

০

 

আরও একবার,

এক সপ্তাহ খেতে দেয়নি ওরা,

কামড়ে খেয়ে ফেলেছিলাম

লোহার শেকল।

 

তারপর থেকে আর

যুদ্ধ হয়নি প্যালেস্তাইনে,

বাকিটা পাকস্থলীর জন্যই

তোলা ছিল।।