Email: info@kokshopoth.com
March 20, 2026
Kokshopoth

গুচ্ছ কবিতাঃ জারিফ আলম

Mar 20, 2026

গুচ্ছ কবিতাঃ জারিফ আলম

জন্মঃ টাঙ্গাইল, বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
প্রকাশিত কাব্যগ্রন্থ: মুখোশ বদলে গেলে।

#১
আয়না ও জলের কথা


অনেকবার নিজেকে দেখতে চেষ্টা করেছি
কখনো আয়নায় কখনো জলের সরলতায়।
কতবার এ-ঘর থেকে ও-ঘরে দৌড়ে বেরোলাম
এখনো স্থির হতে পারিনি, নিজেকে শোধরাতে পারিনি।

কখনো উড়বার প্রশ্নে কখনো বেঁচে থাকবার প্রশ্নে 
হোঁচট খেতে খেতে পথ হারিয়েছে পাখিরা 
এখানে জোনাকির আনাগোনা কমে গেছে 
চন্দ্রমল্লিকাও নিজেকে চিনতে ভুলে গেছে।

এতকিছু জেনে-বুঝেও- সব ফেলে দেয়া যায় না
একপাটি জুতো হারানোর মতো অস্থিরতা নিয়ে
কতবার ফিরে এসেছি লোকালয়ে। 
অকৃতজ্ঞ আত্মাকে তবু চিনতে পারিনি 
কীসে তার মুগ্ধতা ছুঁয়ে আছে এখনো
চিনতে পারিনি শেষ গোধূলিকে 
কখনো আয়নায় কখনো জলের সরলতায়।

#২

হারিয়ে যাবার আগে

একটি কবিতা লিখতে চেষ্টা করেছি
হিজল ফুলের উপমা আর তার গন্ধ নিয়ে
তবু একটি গার্হস্থ্য কবিতা লিখে উঠতে পারিনি।

মাধবকুণ্ডের অশ্রুপাতে কত রুগ্ন রোমান্টিকতা পেয়েছি
চন্দ্রনাথের পাহাড়ে একটি আবেগঘন সূর্যাস্তের
আলিঙ্গন ধরতে চেয়েছি, আহ্বান করেছি কতবার
দিগন্তে হেলে পড়া সূর্যটাকে।

রূপসীর শরীরে অলৌকিক সূর্যাস্ত দেখেছি 
কীভাবে সেখানে সন্ধ্যা নামে আর ঢেকে যায়
সৌন্দের্যের নিটোল উপমা। 
আমি নারীকে নিয়ে কবিতা লিখতে চেয়েছি
বেয়াড়া সময়কে নিয়ে কবিতা লিখতে চেয়েছি

দোয়েলের জন্য কবিতা লিখতে চেয়েছি।
ব্রহ্মাণ্ডের ভেতরে হারিয়ে যাবার আগে 
নিজে উড়তে না পারার হিংসা নিয়ে, ঘরে ফিরেছি।


#৩

হাওয়া ও জানালা


অবগুণ্ঠন টেনে দেয়া হয়নি এখনো 
এই দরজা এই জানালা দিয়ে হাওয়া আসার কথা ছিলো। 
তারপর কত পরিবর্তনের গল্প হলো মানুষে
কত রাত্রি মুছে নিলো তার নির্ভার ঘুমের কাজল।

কথা ছিলো অনেক কিছু হবে, সঙ্গতার অজুহাতে।
কত বিকল্প খুঁজলাম ঘৃণা রাত্রি আর হিংসার
ঝিমধরা একটি প্রেমের গল্প লিখতে লিখতে 
ঝুপ করে অন্ধকারের গল্প হয়ে গেল।

একটি আলোর গল্প কতদিন ধরে খুঁজে চলেছি
এবার একটি দীর্ঘ কবিতা লিখবো।


#৪
অভ্যাসের কিছু প্রশ্ন

পালিয়ে যাবার পথ পাওনি কোথাও 
প্রতিদিন কেউ কেউ পালিয়ে বেড়ায় 
ভক্তিগীতি থেকে কিছু সুর ছন্দ নিয়ে 
আশ্রয় প্রার্থীরা দেখি হারায়-পালায়।
ব্যক্তিগত কিছু কথা নিয়ে
অভ্যাসের কিছু প্রশ্ন নিয়ে
বিষণ্ণ মুখের মতো কয়েক টুকরো 
লালা আভা জেগে জেগে পাহারা দিয়েছে।
প্রতারিত গোলাপের ছদ্মবেশ নিয়ে 
জোছনার গল্প শুনে অনেক ভেবেছি 
এইসব প্রাকৃতিক গল্পের চেয়েও 
আমরা অনেক বেশি আজ বেঁচে আছি।


#৫
রোদের রূপকথা

উপচে পড়া ভিড়েও নিজেকে একা আবিষ্কার করি 
সভ্যতার ইতিহাসে এ এক স্বার্থপর আবিষ্কার বটে।
যখন পেছনে তাড়া করেছে সফলতার গল্প
যখন নিন্দা-মন্দ নিয়ে ঘরে ফিরি 
তখন বাদুড়ঝোলা কল্পনা থেকে নিজেকে সরিয়ে নিই। 
আমাকে সারাদিন রোদের রূপকথা তাড়িয়ে বেড়ালো
ধারাবাহিক অন্ধকারে।


লেখাটির উপর আপনার অভিমত জানান।

Your email address will not be published. Required fields are marked *